প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-রাজ্যের কারিগরি শিক্ষায় এক নতুন যুগের সূচনা হতে চলেছে। কেন্দ্র সরকারের ফ্ল্যাগশিপ ‘পিএম সেতু’ (PM SETU) প্রকল্পের গাইডলাইন মেনে এবং রাজ্যকে স্বনির্ভর করার লক্ষ্যে এক ধাক্কাই ৫১টি সরকারি আইটিআই (ITI)-এর আধুনিকীকরণের মেগা রোডম্যাপ ঘোষণা করলেন রাজ্যের কারিগরি ও উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। মিলন মেলায় আয়োজিত একটি উচ্চপর্যায়ের টেকনিক্যাল সাপোর্ট ওয়ার্কশপ থেকে এই সিদ্ধান্তের কথা জানান তিনি।
রাজনৈতিক মহলের মতে, বিগত বছরগুলিতে রাজ্যের যুবসমাজ যেভাবে কাজের খোঁজে পরিযায়ী শ্রমিক হয়ে ভিনরাজ্যে ছুটে যেতে বাধ্য হয়েছে, সেই পরিস্থিতির বদল ঘটাতেই এই নতুন উদ্যোগ। ভাঙা পরিকাঠামো আর প্রাচীন মেশিনের বদলে এবার সরাসরি দেশের অগ্রগণ্য বেসরকারি শিল্পসংস্থাগুলির সঙ্গে যৌথ উদ্যোগে পরিচালিত হবে এই ৫১টি সরকারি আইটিআই। কেন্দ্রের দূরদর্শী নীতিকে রাজ্যে প্রয়োগ করেই এবার দ্রুত গতিতে তরুণদের কর্মসংস্থান নিশ্চিত করার ব্লু-প্রিন্ট তৈরি করা হচ্ছে।
লালফিতের ফাঁশ কাটাতে নতুন পিপিপি (PPP) মডেলে আইটিআইগুলির পরিচালনার ৫১ শতাংশ এবং মালিকানার ১৭ শতাংশ থাকবে বেসরকারি শিল্পসংস্থাগুলির হাতে।আইটিআই-গুলিকে সম্পূর্ণ আধুনিক করে তুলতে দেশের অগ্রগণ্য শিল্পসংস্থাগুলিকে এই প্রতিষ্ঠানগুলি দত্তক নেওয়ার আহ্বান জানানো হবে। কেন্দ্রীয় প্রকল্পের সরাসরি সহযোগিতায় আইটিআই-গুলিতে এবার বসানো হবে দেশের অগ্রগণ্য কারখানায় ব্যবহৃত অত্যাধুনিক সব মেশিনারি। গতানুগতিক থিওরি ছেড়ে এবার তৈরি হবে সম্পূর্ণ প্র্যাক্টিক্যাল কোর্স, যাতে ছাত্রছাত্রীরা প্রথম দিন থেকেই কারখানার কাজ শিখে সরাসরি যোগ দিতে পারেন।
ওয়াকিবহাল মহলের দাবি, এই দ্রুত ও সময়োপযোগী পদক্ষেপ স্পষ্ট করে দিচ্ছে যে, কেন্দ্রের দূরদর্শী নীতি আর রাজ্যের সদিচ্ছার যৌথ মেলবন্ধনে বাংলার যুবসমাজের সামনে এবার এক উজ্জ্বল ও নিশ্চিত ভবিষ্যৎ অপেক্ষা করছে।
