প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
সামনেই ২৬ এর নির্বাচন। আর তার আগে আজ ফের বাংলায় এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ইতিমধ্যেই একাধিকবার বাংলায় এসে সাংগঠনিক এবং রাজনৈতিক কর্মসূচিতে যুক্ত হয়েছেন তিনি। স্বাভাবিকভাবেই তিনি যখন বাংলায় আসছেন, তখন রাজনীতির কোনো খবর পাওয়া যাবে কিনা, তার দিকে নজর ছিল সকলের। তবে এবার যে অমিত শাহ একেবারেই অরাজনৈতিক একটি সফর করতে চলেছেন, তা স্পষ্ট হয়ে যায় তার মায়াপুর সফরের মধ্যে দিয়েই। আর আজ রাজ্যে পা রেখেই সরাসরি মায়াপুরে সাধু-সন্তদের সঙ্গে তার যে আলোচনা রয়েছে, সেখানে যুক্ত হন তিনি। আর সেই পবিত্র অনুষ্ঠানেই বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রীর বার্তা দেওয়ার পাশাপাশি শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর ভক্ত হিসেবে নিজেকে তুলে ধরেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
সামনেই যখন ভোট, তখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যে আসছেন, আর রাজনীতির কোনো বার্তা দেবেন না, এমনটা অনেকেই ভাবতে পারেননি। কিন্তু বিজেপি এমন একটি রাজনৈতিক দল এবং তাদের নেতারা এমন ভাবে পথ চলেন যে, যখন তারা যে কর্মসূচিতে যান, তখন সেই ভাবেই কথাবার্তা বলেন। তারা প্রশাসনিক কর্মসূচি থেকে রাজনীতির কথাবার্তা বলেন না বা রাজনীতির কর্মসূচি থেকে রাজনৈতিক কথাবার্তা না বলে কর্মীদের নিরাশ করেন না। আজও ঠিক তেমনটাই হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এবারের সফর ছিলো একেবারেই অরাজনৈতিক। মায়াপুরে একটি ভক্তিমূলক অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিলো তার। আর সেখানে গিয়েই তাকে যেভাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলে সম্বোধন করা হয়েছে, তার বদলে তিনি শ্রী চৈতন্যদেবের ভক্ত হিসেবেই এখানে এসেছেন বলে ব্যাখ্যা করেন অমিত শাহ।
এদিন মায়াপুরের ইস্কন মন্দিরে একটি ভক্তিমূলক অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর সেখানেই তিনি বলেন, “হরেকৃষ্ণ। সকালেই প্রধানমন্ত্রীকে মায়াপুরে আসার কথা জানিয়েছি। মায়াপুরে আগত ভক্তদের আমার প্রণাম। প্রধানমন্ত্রী আপনাদের হরেকৃষ্ণ অভিবাদন জানিয়েছেন। পবিত্র দিনে মায়াপুরে আসতে পেরে আমি ধন্য। এখানে এসে নিজের চেতনা জাগ্রত করার সুযোগ পেলাম। শ্রীকৃষ্ণের স্মরণে গেলে সবকিছু শান্ত হয়। ভক্তি আন্দোলনকে গোটা বিশ্বে ছড়িয়ে দিয়েছেন শ্রীচৈতন্য মহাপ্রভু। কৃষ্ণের নাম নেয় না, বিশ্ব এমন কেউ নেই। স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নয়, একজন শ্রী শ্রী চৈতন্যদেবের ভক্ত হিসেবেই এখানে এসেছি।”
