Site icon প্রিয় বন্ধু মিডিয়া

“৫ দশকের দুঃস্বপ্নের অবসান, শুভেন্দুর নেতৃত্বেই সুরক্ষিত হবে বাংলার সীমানা”; পরিষদীয় বৈঠকের পর ঐতিহাসিক জয়ের বার্তা অমিত শাহের!

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-দীর্ঘ প্রতীক্ষার অবসান। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ২০৭ টি আসন নিয়ে বিপুল জয়ের পর আজ কলকাতায় বিজেপির নবনির্বাচিত বিধায়কদের নিয়ে আয়োজিত হয় বিশেষ পরিষদীয় বৈঠক। সেই বৈঠকেই সর্বসম্মতিক্রমে পরিষদীয় দলনেতা হিসেবে নির্বাচিত হলেন জননেতা শুভেন্দু অধিকারী। বৈঠকে উপস্থিত থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কেবল শুভেন্দুর নামই ঘোষণা করলেন না, বরং তৃণমূল ও বাম জমানার তীব্র সমালোচনা করে বাংলার নতুন ভোরের রূপরেখা স্পষ্ট করে দিলেন।

বৈঠক শেষে অমিত শাহ তাঁর বক্তব্যে বলেন, “বাংলার মানুষ আজ দীর্ঘ ৫ দশকের এক দুঃস্বপ্ন থেকে মুক্তি পেলেন। বাম জমানার থেকেও ভয়াবহ ও ভয়ের পরিবেশ তৈরি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মভূমিতে তাঁরই দল সরকার গঠন করতে চলেছে। গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর পর্যন্ত আজ বিজেপি সরকার।”

শুভেন্দু অধিকারীকে ভাবী মুখ্যমন্ত্রী হিসেবে তুলে ধরে শাহ বলেন, “এবার বাংলার সীমানা সুরক্ষিত হবে এবং অনুপ্রবেশ চিরতরে বন্ধ হবে। ৩২১ জন বিজেপি কর্মী বাংলার মাটিতে প্রাণ দিয়েছেন, তাঁদের আত্মবলিদান বৃথা যেতে দেব না।” তিনি আরও যোগ করেন, “কেরল ও বাংলা ছাড়া দেশে এত হিংসা আমি আর কোথাও দেখিনি। এবার বাংলার মানুষ শান্তি ও সমৃদ্ধির মুখ দেখবে।”

বিজেপির এই সাফল্যের পরিসংখ্যান তুলে ধরে শাহ বলেন, “২০১৪ সালে যে যাত্রা ১ টি আসন দিয়ে শুরু হয়েছিল, ২০১৬-তে তা ৩ টি, ২০২১-এ ৭৭ টি এবং আজ ২০২৬-এ ২০৭ টি আসনে পৌঁছেছে। এটি অভূতপূর্ব। বিজেপির বিনয় আর হাড়ভাঙা পরিশ্রমই এই সাফল্যের মূল কারণ।” উল্লেখ্য, ২৩টি জেলার মধ্যে ৯ টি জেলায় তৃণমূল খাতা খুলতে পারেনি এবং বিজেপি বিধায়কদের গড় জয়ের মার্জিন প্রায় ২৮ হাজার, যা এক বিশাল রেকর্ড।

নন্দীগ্রামের পর এবার খোদ ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরে ঢুকে শুভেন্দু অধিকারীর জয়কে গণতন্ত্রের বড় জয় বলে ব্যাখ্যা করেন শাহ। পাশাপাশি ৯৩ শতাংশ রেকর্ড ভোটদান এবং কোনো বুথ দখল ছাড়া শান্তিপূর্ণ নির্বাচনের জন্য তিনি নির্বাচন কমিশন ও বাংলার পুলিশ প্রশাসনকে অভিনন্দন জানান। তিনি বলেন, “বিরোধীদের কথা বলতে দেওয়া হত না যে রাজ্যে, আজ সেখানে গণতন্ত্রের জয় হয়েছে।”

পরিষদীয় বৈঠকে সিলমোহর পড়ার পর এখন শুধু সময়ের অপেক্ষা। আগামিকাল বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে বাংলার মসনদে আসীন হতে চলেছেন শুভেন্দু অধিকারী। আজ অমিত শাহের বক্তব্যে এটুকু স্পষ্ট যে, শুভেন্দুর হাত ধরে বাংলা এবার তার হারানো গৌরব ফিরে পেতে চলেছে।

Exit mobile version