প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-পশ্চিমবঙ্গের বর্তমান বিজেপি সরকারের অপরাধ দমনের অন্যতম প্রধান ও বহুল চর্চিত হাতিয়ার ‘ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি-সোশ্যাল অ্যাক্টিভিটিজ বিল, ২০২৬’ (যা গুণ্ডা দমন বিল নামে পরিচিত) পাসের প্রক্রিয়ায় বড়সড় ধাক্কা খেল রাজ্য প্রশাসন। রাজ্য বিধানসভায় পাস হওয়া এই কড়া বিলটিতে সম্মতি না দিয়ে তা সরাসরি নবান্নে (রাজ্যের প্রশাসনিক সদর দফতর) পুনর্বিবেচনা ও সংশোধনের নির্দেশসহ ফেরত পাঠিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের স্ক্রুটিনির পর রাষ্ট্রপতি ভবন থেকে বিলটি ফেরত পাঠানো হয়েছে, যা নিয়ে রাজ্য রাজনীতিতে চরম তোলপাড় শুরু হয়েছে।
উচ্চপদস্থ প্রশাসনিক সূত্র ও গণমাধ্যমের খবর মারফত জানা যাচ্ছে, রাজ্য সরকারের প্রস্তাবিত এই বিলের একটি বিশেষ ধারার সঙ্গে কেন্দ্র সরকারের নিজস্ব মাদক বিরোধী আইন NDPS (Narcotic Drugs and Psychotropic Substances) অ্যাক্ট-এর সরাসরি সংঘাত তৈরি হয়েছে। চিঠিতে জানানো হয়েছে, বিলে মাদক কারবারিদের অন্তর্ভুক্ত করায় তা কেন্দ্রীয় ‘পিআইটিএনডিপিএস ১৯৮৮’ (PITNDPS Act 1988) আইনের সঙ্গে সাংঘর্ষিক এবং সংবিধানের ২৫৪ নম্বর অনুচ্ছেদের (Article 254) পরিপন্থী হচ্ছে। তাই আইনি দ্বৈততা এড়াতে নির্দিষ্ট ধারা সংশোধন করে বিলটি ফেরত পাঠানো হয়েছে।
বিল ফেরত আসায় তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় কটাক্ষ করে সোশ্যাল মিডিয়ায় লেখেন, “পোস্টারে ডবল ইঞ্জিন। শাসনে রিভার্স গিয়ার। হোমওয়ার্ক সোজা ফেরত!” অন্যদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, এতে পিছু হটার কিছু নেই এবং আইন বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে সংশোধিত বিল পুনরায় রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে।
