প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
রাজ্যে এবার পরিবর্তনের লক্ষ্যে পুরোদস্তুর ঝাঁপিয়ে পড়েছে বিজেপি। একের পর এক পদক্ষেপের মধ্যে দিয়ে বোঝাই যাচ্ছে যে, এবার বিজেপি কোনো রকম খামতি রাখতে চাইছে না বাংলা জয়ের ব্যাপারে। রাজ্যে দিকে দিকে শুরু হয়ে গিয়েছে পরিবর্তন যাত্রা। একের পর এক কেন্দ্রীয় নেতা-মন্ত্রীরা সেই পরিবর্তন যাত্রা এসে সামিল হচ্ছেন। তৃণমূল সরকারের বিরুদ্ধে সোচ্চার হচ্ছেন। আর সেই পরিবর্তন যাত্রার একদম শেষ লগ্নে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে চলতি মাসেই ব্রিগেডে হবে এক বড় জনসভা। ইতিমধ্যেই সেই ব্যাপারে প্রস্তুতি নিতে শুরু করেছে বিজেপি। তবে সেই জনসভাকে সব রকম ভাবে সফল করতে বিজেপির পক্ষ থেকে আজ মঞ্চ তৈরি করার কাজ শুরু হয়ে গেল। তবে তার আগেই হলো ভূমিপূজা।
বিজেপি যেভাবে এবার লড়াই করছে, তাতে বোঝাই যাচ্ছে যে, তারা সত্যিই চাইছে পশ্চিমবঙ্গকে নিজেদের দখলে নিতে। কেন্দ্রীয় নেতৃত্ব মাঝে মধ্যেই বাংলায় এসে একটা ঝড় তোলার চেষ্টা করছে। আর এই পরিস্থিতিতে ব্রিগেড জনসভা করে নরেন্দ্র মোদী যে নিজে আরও বেশি ঝড় তুলে দেবেন এই বাংলায়, তা বলার অপেক্ষা রাখে না। তাই পরিবর্তন যাত্রার একদম শেষে ব্রিগেডে যে জনসভা হতে চলেছে প্রধানমন্ত্রীর, তা নিয়ে বিজেপি নেতা কর্মীদের উচ্ছ্বাস চরমে। তবে সব কিছুরই সূচনায় একটা শুভ সন্ধিক্ষণ থাকা উচিত। তাই আজ সেই ব্রিগেড জনসভার সাফল্যের জন্য হিন্দু শাস্ত্র এবং রীতিনীতি অনুযায়ী ভূমি পূজা করলেন বিজেপি নেতারা।
সূত্রের খবর, আগামী ১৪ মার্চ ব্রিগেডে অনুষ্ঠিত হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা। বর্তমানে জেলায় জেলায় বিজেপির পরিবর্তন যাত্রা চলছে। আর সেই ব্রিগেড সমাবেশের দিন, সেখানে গোটা রাজ্যের বিজেপি কর্মীরা প্রধানমন্ত্রীর সেই সভায় সামিল হবেন বলেই খবর। আর সেই সভাকে সার্থক করতেই আজ থেকেই বিজেপির পক্ষ থেকে মঞ্চ তৈরি করার কাজ শুরু হয়েছে। তবে সেই মঞ্চ তৈরি করার আগে সেখানে বিজেপি নেতৃত্বরা উপস্থিত হয়ে ভূমি পূজা করলেন। যার ফলে বোঝাই যাচ্ছে যে, বিজেপি এবার পশ্চিমবঙ্গকে জয় করতে সবদিক থেকেই আগ্রহী এবং সবরকম চেষ্টা তারা শুরু করে দিয়েছে। গতিপ্রকৃতি দেখে তেমনটাই বলছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
