প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এখনও পর্যন্ত বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়নি। প্রত্যেকের মধ্যে একটাই প্রশ্ন যে, কবে ভোট ঘোষণা হবে? অনেকেই বলছেন, এবার এক দফায় ভোট হতে পারে। তবে কয় দফায় ভোট হবে, তা নির্বাচন কমিশনের নির্ঘণ্ট ঘোষণার দিনেই স্পষ্ট হয়ে যাবে। ফলে স্বাভাবিকভাবেই গোটা বিষয় নিয়ে জল্পনা চলছে। আর এসবের মধ্যেই বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা না হলেও, পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার যে পাঁচটি আসন শূন্য হতে চলেছে, সেই পাঁচটি আসনে নির্বাচনের দিন জানিয়ে দিলো নির্বাচন কমিশন।
২৬ এর বিধানসভা নির্বাচনের আগে ক্রমশ ঘোরালো হচ্ছে বঙ্গ রাজনীতির পরিস্থিতি। তৃণমূল এবং বিজেপির মধ্যেই যে এবার মূল লড়াই হবে, তা বলার অপেক্ষা রাখে না। তবে ভোট ঘোষণার দিকেই তাকিয়ে রয়েছে সকল রাজনৈতিক দল। আর তারপরেই তারা পুরোদস্তুর প্রচারে ঝাঁপিয়ে পড়বে। তবে বিধানসভা নির্বাচনের আগেই রাজ্যের পাঁচটি রাজ্যসভার আসনে নির্বাচন রয়েছে। আর আজ সেই ব্যাপারেই নির্ঘণ্ট ঘোষণা করা হলো নির্বাচন কমিশনের পক্ষ থেকে।
সূত্রের খবর, এদিন নির্বাচন কমিশনের পক্ষ থেকে বাংলায় যে ৫ টি রাজ্যসভার আসনে নির্বাচন হবে, সেই ব্যাপারে দিনক্ষণের কথা জানানো হয়। যেখানে আগামী ২৬ ফেব্রুয়ারি এই নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হবে বলে খবর। এক্ষেত্রে পশ্চিমবঙ্গের ৫ টি রাজ্যসভার আসনে নির্বাচন হবে। আর গোটা দেশের পশ্চিমবঙ্গ সহ প্রায় ৩৭ টি আসনে এই নির্বাচন হওয়ার কথা। যেখানে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আগামী ৫ মার্চ। আর ১৬ মার্চ হবে নির্বাচন। আর নির্বাচনের পরেই ফলাফল ঘোষণা করা হবে। বিশেষজ্ঞদের মতে, পশ্চিমবঙ্গের যে ৫ টি আসনে নির্বাচন হবে, তার মধ্যে ৪ টি আসনে তৃণমূলের জয় নিশ্চিত। আর একটি আসনে বিজেপি প্রার্থী দেবে। ফলে সেই আসনে তাদের জয় নিশ্চিত। তবে এই সমস্ত আসনে কোন দল কাকে প্রার্থী করে, নতুন কোনো চমক থাকে কিনা, সেদিকেই নজর থাকবে রাজনৈতিক মহলের।
