প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এতদিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যে সমস্ত তদন্ত করছে, তার নিটফল জিরো বলে বাম, কংগ্রেসের পক্ষ থেকে অনেকেই তৃণমূলের সঙ্গে বিজেপির সেটিং রয়েছে বলে অভিযোগ করতেন। এমনকি এই সেটিংয়ের কারণেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা নিরপেক্ষভাবে কাজ করতে পারছে না বলেও দাবি জানাতেন। যার ফলে অনেক জায়গাতেই ভোট কাটাকুটির কাজ করতো এই দুই দল। তবে সম্প্রতি যে ঘটনা রাজ্যের বুকে ঘটে গিয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে যেভাবে একেবারে শীর্ষ আদালতে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে রাজ্যের একাধিক প্রশাসনিক কর্তার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এবং যেভাবে গতকাল শুনানিতে তাদের বক্তব্য সামনে এসেছে, তারপর একটা বিষয় স্পষ্ট হয়ে গিয়েছে যে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা একেবারে সঠিক পথেই চলছে। এক্ষেত্রে কোনো সেটিংয়ের কোনো গল্প নেই। তাই যারা এতদিন সেটিংয়ের কথা বলতেন, গতকাল সুপ্রিম কোর্টের শুনানিতে এই রাজ্যের অপশাসনের বিরুদ্ধে যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সঠিকভাবে লড়ছে, সেই কথা তুলে ধরে সেটিংয়ের ব্যাপারে প্রচার করা দলগুলিকে রীতিমত আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
সম্প্রতি আইপ্যাকের অফিসে এবং প্রতীক জৈনের বাড়িতে পৌঁছে গিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। তবে তারা যখন তাদের কাজ করছিলেন, যখন তারা তল্লাশি চালাচ্ছিলেন, সেই সময় সেখানে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বেশ কিছু প্রশাসনিক কর্তা। পরবর্তীতে মুখ্যমন্ত্রী বেশ কিছু নথি নিয়ে সেখান থেকে বেরিয়ে আসেন। আর তারপর থেকেই বাম এবং কংগ্রেস প্রশ্ন তুলতে শুরু করে যে, এরপরেও কেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে না? কেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সঠিক পথে এগোচ্ছে না? তাহলে কি তৃণমূল এবং বিজেপির মধ্যে সেটিং রয়েছে! তবে যারা এই সমস্ত সেটিংয়ের কথা এতদিন বলতেন, এবার তাদের মুখেই ঝামা ঘষে দিয়ে গতকাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি সুপ্রিম কোর্টে তাদের বক্তব্য পেশ করে বুঝিয়ে দিয়েছে যে, তারা কোনোমতেই এই বিষয়টিতে ছেড়ে কথা বলবেন। এমনকি মুখ্যমন্ত্রী থেকে শুরু করে যে সমস্ত প্রশাসনিক কর্তারা নথিপত্র নিয়ে এসেছেন, তাদের বিরুদ্ধেও তারা কঠোর ব্যবস্থা চাইছেন। আদালতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সেই সওয়াল দেখেই এবার যারা সেটিংয়ের কথা বলে এতদিন প্রচার চালাতেন এবং ভোট কাটতেন, তাদের কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেখানেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকা নিয়ে তাদের ধন্যবাদ জানান তিনি। পাশাপাশি যারা সেটিং নিয়ে প্রচার করছেন, তাদেরকে কটাক্ষ করে রাজ্যের বিরোধী দলনেতা বলেন, “যারা এতদিন সেটিংয়ের কথা বলতেন, যারা এতদিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন, এখন আর সেই রকম কোনো প্রশ্ন তোলার অবকাশ নেই। তাই আমি আশা করবো, মাকুরা আর সেটিং নিয়ে বলবেন না। যারা কয়েকটি হিন্দু এলাকায় গিয়ে ভোট কাটেন, তারা আর এই ধরনের কথা বলবেন না। আর যারা রাজনৈতিক বিশ্লেষক হিসেবে টিভিতে বসে বিভিন্ন কথা বলেন, তারাও আশা করি, সুপ্রিম কোর্টের শুনানিতে ইডির যে বক্তব্য, যে লড়াই তারা করছেন, তা যেভাবে সামনে এসেছে, তারপর আশা করি, তারা আর এই কেন্দ্রীয় সংস্থার ভূমিকা নিয়ে কোনো প্রশ্ন তুলবেন না।”
