Site icon প্রিয় বন্ধু মিডিয়া

রাজ্যের দুটি কেন্দ্র থেকে প্রার্থী শুভেন্দু, প্রতিক্রিয়ায় কি জানালেন দিলীপ ঘোষ?

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
গতকালই বিধানসভা নির্বাচনের ১৪৪ টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। যেখানে অন্যতম চমক রয়েছে নন্দীগ্রাম এবং ভবানীপুর বিধানসভা কেন্দ্রে। দুই কেন্দ্রেই প্রার্থী করা হয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। অর্থাৎ নন্দীগ্রামের মতই এবার ভবানীপুরেও মমতা বন্দ্যোপাধ্যায়কে চাপে ফেলতে বিজেপির তুরুপের তাস যে শুভেন্দু অধিকারী, তা স্পষ্ট হয়ে যাচ্ছে। তবে জাতীয় রাজনীতিতে বা অন্য রাজ্যে দুটি কেন্দ্র থেকে নেতা-নেত্রীদের লড়তে দেখা গেলেও, সেভাবে পশ্চিমবঙ্গে এইরকম আগে দেখা যায়নি। তবে এবার ভবানীপুর এবং নন্দীগ্রাম, দুই কেন্দ্র থেকেই এই শুভেন্দু অধিকারীর নাম বিজেপির পক্ষ থেকে প্রার্থী হিসেবে ঘোষণা করার পরেই গুঞ্জন তৈরি হয়েছে। আর সেই বিষয় নিয়েই এবার প্রতিক্রিয়া দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।

২০২১ সালে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেছিলেন শুভেন্দু অধিকারী। তারপর ২০২৬ এর বিধানসভা নির্বাচন যত এগিয়ে এসেছে, ততই তিনি প্রকাশ্য সভা থেকে দাবি করেছেন যে, তিনি ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করবেন। স্বাভাবিকভাবেই জল্পনা তৈরি হয়েছিল যে, তাহলে কি ভবানীপুরে এবার বিজেপি টিকিটের লড়াই করবেন রাজ্যের বিরোধী দলনেতা? অবশেষে দেখা গেল, নন্দীগ্রাম এবং ভবানীপুর দুই কেন্দ্র থেকেই শুভেন্দু অধিকারীর নাম বিজেপির পক্ষ থেকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। আর তারপরেই উচ্ছ্বাসে ফেটে পড়েছেন বিজেপি কর্মীরা।

এদিন ভবানীপুর এবং নন্দীগ্রাম, দুই কেন্দ্র থেকেই শুভেন্দু অধিকারীর নাম প্রার্থী হিসেবে ঘোষণা করা নিয়ে দিলীপ ঘোষকে প্রশ্ন করা হয়। আর সেই ব্যাপারে প্রতিক্রিয়া দিতে গিয়ে খড়গপুর সদরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ বলেন, “রাজ্যে দুটি আসন থেকে এক প্রার্থীর লড়াইয়ের ঘটনা খুব একটা দেখা যায় না। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী দুই জায়গা থেকে নির্বাচনে লড়াই করেছেন। লোকসভা ভোটে গুজরাট এবং উত্তরপ্রদেশের দুটি আসন থেকে তিনি লড়াই করেছিলেন। দুই জায়গা থেকে রাহুল গান্ধীও লড়াই করেছিলেন। ফলে এইরকম বহু ঘটনা রয়েছে। তাই পার্টি মনে করেছে। সেই ভাবেই তারা সিদ্ধান্ত নিয়েছে।”

Exit mobile version