প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এই রাজ্য কার্যত দাঙ্গাবাজদের হাতে চলে গিয়েছে। সমাজ বিরোধীরা এই রাজ্য সরকারকে পরিচালনা করছে। মাঝে মধ্যেই এই অভিযোগ করেন বিরোধী দলের নেতারা। সম্প্রতি বেলডাঙায় যে ঘটনা ঘটেছে, তারপর আদালতে গিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পরবর্তীতে কলকাতা হাইকোর্ট এই বেলডাঙায় কেন্দ্রীয় সরকার চাইলে এনআইএ তদন্ত করতে পারে বলে জানিয়ে দেয়। যার ফলে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকেও এনআইএ তদন্তের ব্যাপারে সবুজ সংকেত দেওয়া হয়। কিন্তু তারপরেই রাজ্য এর বিরোধিতা করে সুপ্রিম কোর্টে চলে যায়। আর আজ সুপ্রিম কোর্ট স্পষ্ট ভাষায় রাজ্যকে আবার কলকাতা হাইকোর্টেই গোটা বিষয়টি নিয়ে যাওয়ার কথা বলে দিয়েছে। অর্থাৎ সুপ্রিম কোর্ট যে এই ব্যাপারে হস্তক্ষেপ করবে না, তা তারা বুঝিয়ে দিয়েছে। যার ফলে রাজ্য অনেকটাই চাপে পড়ে গিয়েছে বলেই মনে করা হচ্ছে। আর সেই ব্যাপারেই এবার রাজ্য সরকারকে কড়া ভাষায় আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
এদিন শীর্ষ আদালতে রাজ্য সরকার এনআইএ তদন্তের বিরোধিতায় পৌঁছে যায়। কিন্তু সেখানেই সুপ্রিম কোর্ট গোটা বিষয়টি আবার কলকাতা হাইকোর্টে ফেরত পাঠিয়ে দিয়েছে। স্বাভাবিকভাবেই রাজ্য এনআইএ তদন্তের বিরোধিতায় শীর্ষ আদালত থেকে বিরাট কোনো নির্দেশ নিয়ে আসবে বলে ভাবলেও তাদের সেই ভাবনা সফলতার রূপ পেল না। এক্ষেত্রে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ অনুযায়ী কলকাতা হাইকোর্টই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। আর এই বিষয়টি সামনে আসার পরেই বেলডাঙার ঘটনা নিয়ে রাজ্যকে ধুয়ে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
এদিন বিজেপির সল্টলেকের কার্যালয়ে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের সঙ্গেই সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেখানেই তিনি বলেন, “বেলডাঙার দাঙ্গা নিয়ে আপনারা জানেন, কিভাবে মুর্শিদাবাদকে বারবার বিরক্ত করা হয়েছে। আমরা আবেদন করেছিলাম কলকাতা হাইকোর্টে। কলকাতা হাইকোর্ট বলেছিল, যদি কেন্দ্রীয় সরকার মনে করে, এটা এনআইএ তদন্ত হতে পারে। পিএফআই, সিমি ওখানে সক্রিয় রয়েছে। রাজ্য সরকার দাঙ্গাবাজদের পক্ষে। ওখানে এসএলপি ফাইল করেছিল। কিন্তু সুপ্রিম কোর্ট এটাকে প্রশ্রয় দেয়নি। বলে দিয়েছে যে, যা বলার আপনারা কলকাতা হাইকোর্টে বলুন। আমরা এখানে এন্টারটেইন করবো না।”
