প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এই রাজ্যের পুলিশের ওপর কোনো ভরসা নেই বিরোধী দলগুলির। তাদের একটাই বক্তব্য যে, প্রত্যেক বুথে থাকতে হবে কেন্দ্রীয় বাহিনী। তাহলেই শান্তিপূর্ণ ভোট সম্ভব। তবে শুধু কেন্দ্রীয় বাহিনীকে থাকার মত থাকলে হবে না। তারা যাতে রাজ্য পুলিশের কথা শুনে পরিচালিত না হয়, সেই ব্যাপারেও দাবি জানাচ্ছে বিরোধী রাজনৈতিক দলগুলি। আর এই পরিস্থিতিতে আজ দেশের নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে সর্বদলীয় বৈঠক ছিলো বিভিন্ন রাজনৈতিক দলের। আর সেই বৈঠক শেষেই বেরিয়ে এসে তারা আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে কি কি দাবি জানিয়েছেন, তা জানিয়ে দিলেন বিজেপি নেতা শিশির বাজোরিয়া।
এই রাজ্যে এসআইআর হওয়ার ফলে অবৈধ ভোটারদের নাম অনেকাংশেই বাদ গিয়েছে। যার ফলে বিরোধীরা অনেকটাই আশাবাদী এবারের নির্বাচনের ব্যাপারে। তবে নির্বাচনের দিন যদি কারচুপি হয়, তাহলে তাকে বন্ধ করতে একমাত্র প্রত্যেক বুথে যে কেন্দ্রীয় বাহিনীর কোনো বিকল্প নেই, সেই দাবিই আজ সর্বদলীয় বৈঠকে তুলে ধরলো বিজেপি। শুধু তাই নয়, কোথাও ওয়েব কাস্টিং ক্যামেরা যদি বন্ধ থাকে, তাহলে সেই সময় ভোট গ্রহণ বন্ধ রাখারও দাবি জানানো হয়েছে বিজেপির পক্ষ থেকে।
এদিন নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের বৈঠক হয়। আর সেই বৈঠক শেষে বাইরে বেরিয়ে এসে নিজেদের দাবি দাওয়া সম্পর্কে সাংবাদিকদের জানান বিজেপি নেতা শিশির বাজোরিয়া। তিনি বলেন, “রাজ্য পুলিশের ভূমিকায় আমরা অসন্তুষ্ট। আমরা সেটা কমিশনকে জানিয়েছি। আমরা চাই, প্রত্যেকটি বুথে কেন্দ্রীয় বাহিনীর তৎপরতায় ভোট হোক। ওয়েব ক্যামেরা থাকুক। কোথাও ক্যামেরা খারাপ হয়ে গেলে ভোট বন্ধ রাখতে হবে। অথবা পুননির্বাচন করাতে হবে। বুথে ঢোকার আগে সকলের পরিচয় যাচাই করতে হবে। কোনো পুলিশ বা দলের এজেন্ট সেখানে থাকবেন না। হিংসামুক্ত, শান্তিপূর্ণ ভোট করানো কমিশনের লক্ষ্য। আমরা বলেছি, আমরা তাদের সব রকম সহযোগিতা করব।”
