Site icon প্রিয় বন্ধু মিডিয়া

বিধানসভা নির্বাচনের প্রথম দফাতেই অগ্নিগর্ভ রানিনগর! বুথ থেকে কংগ্রেস এজেন্টকে বিতাড়ন, বাঁশঝাড়ে বোমা-পিস্তলের ‘পাহারা’!

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-রাজ্য বিধানসভা নির্বাচনের প্রথম দফার শুরুতেই রক্তচক্ষু আর হিংসার কবলে মুর্শিদাবাদ। রানিনগর বিধানসভা কেন্দ্রের নটকুলী প্রাথমিক বিদ্যালয়ের বুথে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ার খবর পাওয়া যাচ্ছে। কংগ্রেসের পোলিং এজেন্টকে জোর করে বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ ঘিরে সরগরম এলাকা। এই ঘটনার জন্য সরাসরি শাসকদল তৃণমূলের বিরুদ্ধে তোপ দেগেছেন কংগ্রেস প্রার্থী জুলফিকার আলি।

এলাকায় পৌঁছাতেই সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে ক্ষোভ উগরে দেন কংগ্রেস প্রার্থী জুলফিকার আলি। তিনি বিস্ফোরক অভিযোগ তুলে বলেন, “অত্যন্ত ভয়ানক পরিস্থিতি। বাঁশঝাড়ের তলায় বোমা আর পিস্তল নিয়ে দুষ্কৃতীরা বসে আছে। সাধারণ মানুষকে বাড়ি থেকে বেরোতে বাধা দেওয়া হচ্ছে। আমাদের এজেন্টকে বুথ থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে।”

প্রথম দফার এই নির্বাচনে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের কথা থাকলেও, নটকুলী এলাকায় চিত্রটা উল্টো। প্রার্থীর দাবি অনুযায়ী, সাধারণ ভোটাররা প্রাণভয়ে গৃহবন্দি হয়ে পড়েছেন। বুথের দখল নিতে এবং বিরোধী এজেন্টদের সরাতেই এই সশস্ত্র ভয় প্রদর্শনের ছক কষা হয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

অভিযোগ অস্বীকার করে তৃণমূলের পক্ষ থেকে পালটা দাবি করা হয়েছে যে, কংগ্রেসের সংগঠন নেই বলেই তারা এই ধরনের ভিত্তিহীন অভিযোগ তুলে ভোট বানচালের চেষ্টা করছে।অন্যদিকে, বুথ চত্বরে উত্তেজনা সামাল দিতে কেন্দ্রীয় বাহিনীর টহলদারি বাড়ানো হয়েছে। তবে বোমা-পিস্তল নিয়ে এলাকায় বহিরাগতদের দাপাদাপির যে অভিযোগ প্রার্থী তুলেছেন, তা প্রথম দফার নির্বাচনে প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থাকে বড়সড় চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে।

Exit mobile version