Site icon প্রিয় বন্ধু মিডিয়া

প্রথম রাউন্ডেই খেল খতম! রেজিনগরে বিপুল ব্যবধানে এগিয়ে বিজেপি, কোনঠাসা বিরোধীরা!

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-রেজিনগর বিধানসভা উপনির্বাচনের ভোট গণনা শুরু হতেই রাজ্য রাজনীতিতে ঝড়! পোস্টাল ব্যালট এবং প্রথম রাউন্ডের ইভিএম গণনা শেষে বিরোধীদের ধরাশায়ী করে বিপুল ব্যবধানে লিড নিলেন ভারতীয় জনতা পার্টি (BJP)-র প্রার্থী শাখারভ সরকার। গণনাকেন্দ্র থেকে পাওয়া প্রাথমিক ও অসরকারি সূত্রের খবর অনুযায়ী, শুরুতেই পদ্ম শিবিরের এই ঝোড়ো ব্যাটিংয়ে কার্যত ব্যাকফুটে চলে গিয়েছে অন্যান্য সমস্ত রাজনৈতিক দল। সকাল সকাল গণনাকেন্দ্রে তৃণমূল বা আম জনতা উন্নয়ন পার্টির কাউন্টিং এজেন্টদের বেপাত্তা থাকার যে খবর সামনে এসেছিল, ভোটের প্রাথমিক ট্রেন্ড আসতেই তার কারণ স্পষ্ট হতে শুরু করেছে বলে দাবি করছে রাজনৈতিক মহল।

শুক্রবার সকালে রেজিনগর কেন্দ্রের ভোট গণনা শুরু হয় মূলত পোস্টাল ব্যালট দিয়ে। সেখানে শুরুতেই নিজের আধিপত্য কায়েম করেন বিজেপি প্রার্থী শাখারভ সরকার। প্রাথমিক গণনা শেষ হতেই দেখা যায়, পোস্টাল ব্যালটেই তিনি প্রতিদ্বন্দীদের চেয়ে ২,০০০-এরও বেশি ভোটে এগিয়ে যান।

পোস্টাল ব্যালটের পর ইভিএমের প্রথম রাউন্ডের গণনা শেষ হতেই রেজিনগরের রাজনৈতিক সমীকরণ আরও স্পষ্ট হয়ে ওঠে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক সিলমোহর না দেওয়া হলেও, অসরকারি ও নির্ভরযোগ্য সূত্র মারফত জানা যাচ্ছে যে, প্রথম রাউন্ড গণনার শেষে বিজেপি প্রার্থী শাখারভ সরকার ৭,০০০-এরও বেশি ভোটের বিশাল ব্যবধানে লিড ধরে রেখেছেন।

প্রথম রাউন্ডের এই বিপুল ব্যবধান সামনে আসতেই বিজেপি শিবিরের অন্দরে উল্লাসের আবহ তৈরি হয়েছে। বিজেপি নেতৃত্বের দাবি, এই বিপুল লিড প্রমাণ করছে যে রেজিনগরের মানুষ পরিবর্তনের পক্ষে এবং বর্তমান সরকারের উন্নয়নমুখী নীতির ওপর পূর্ণ আস্থা রেখেছেন। অন্যদিকে, গণনাকেন্দ্রে মূল বিরোধী শিবিরের এজেন্টদের প্রথম থেকেই অনুপস্থিত থাকার বিষয়টিকে এই ফলাফলের আগাম পূর্বাভাস হিসেবেই দেখছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। তাঁদের মতে, গণনার প্রথম ল্যাপেই ৭ হাজারের লিড স্পষ্ট করে দিচ্ছে যে লড়াইয়ে বিজেপি কতটা সুবিধাজনক অবস্থানে রয়েছে। ইভিএমের পরবর্তী রাউন্ডের গণনা যত এগোবে, এই ব্যবধান আরও বাড়ে কিনা, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

Exit mobile version