Site icon প্রিয় বন্ধু মিডিয়া

বিস্ফোরক অভয়ার মা! আর জি কর কাণ্ডে এবার সরাসরি স্বাস্থ্যসচিবকে গ্রেফতারের নজিরবিহীন দাবি!

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনার দুই বছর অতিক্রান্ত হতে চললেও বিচার প্রক্রিয়া কাঙ্ক্ষিত গতিতে না এগোনোয় এবার তীব্র ক্ষোভ উগড়ে দিলেন নির্যাতিতার মা। এক সভা থেকে তিনি সরাসরি রাজ্যের বর্তমান স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম এবং রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তদন্তের আওতায় এনে গ্রেফতারের দাবি তুলেছেন। নির্যাতিতা চিকিৎসকের মা তথা পানিহাটি কেন্দ্রের বর্তমান বিজেপি বিধায়ক রত্না দেবনাথের এই বিস্ফোরক দাবিতে নতুন করে তোলপাড় শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। স্বাস্থ্য দফতরের গঠিত বিশেষ তদন্ত কমিটির কাছে নিজের দাবি পেশ করে রত্না দেবনাথ স্পষ্ট ভাষায় জানান, আর জি কর কাণ্ডের তথ্যপ্রমাণ লোপাট এবং দুর্নীতির পেছনে স্বাস্থ্য দফতরের বড়সড় চক্রান্ত জড়িয়ে রয়েছে।

রত্না দেবনাথ অত্যন্ত কড়া সুরে বলেন, “স্বাস্থ্য দফতরের গঠিত এই কমিটির কাছে আমার স্পষ্ট দাবি, তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বর্তমান স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগমকে অবিলম্বে এই তদন্তের আওতায় আনা হোক। তারা কেন এখনও জেলের বাইরে ঘুরে বেড়াচ্ছেন? কেন তাদের এখনও গ্রেফতার বা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না?”

এদিন বক্তব্য রাখার সময় ঘটনার রাতের এক চাঞ্চল্যকর এবং এখনও পর্যন্ত অপ্রকাশিত প্রসঙ্গের অবতারণা করেন রত্না দেবনাথ। তিনি দাবি করেন, “ঘটনার দিন রাতে কর্তব্যরত এক গ্রুপ-ডি কর্মী আমার মেয়ের রক্তাক্ত দেহ সেমিনার রুমে ওভাবে পড়ে থাকতে দেখে আতঙ্কে জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। পরবর্তীতে সেই কর্মীকে তড়িঘড়ি আর জি কর হাসপাতাল থেকে সরিয়ে আরামবাগে বদলি করে দেওয়া হয়েছিল। কেন এই বদলি? কাকে আড়াল করার চেষ্টা চলছিল?” এই ঘটনার গভীরে গিয়ে পুঙ্খানুপুঙ্খ তদন্ত হওয়া জরুরি বলে তিনি মনে করেন।

রাজ্যে রাজনৈতিক পরিবর্তন (বিজেপি ক্ষমতায় আসার পর) এবং নিজে শাসক দলের বিধায়ক নির্বাচিত হওয়া সত্ত্বেও বিচারপ্রক্রিয়ার মন্থর গতি নিয়ে প্রশ্ন তুলতে দ্বিধা করেননি অভয়ার মা। তিনি আক্ষেপের সুরে জানান, সরকার পরিবর্তনের পর তাদের দ্রুত বিচারের আশ্বাস দেওয়া হয়েছিল, কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI) তদন্ত এখনও পর্যন্ত কোনো বড় ব্রেকথ্রু দিতে পারেনি। তিনি বলেন, “সব প্রমাণ জলের মতো পরিষ্কার হওয়া সত্ত্বেও মূল চক্রান্তকারীরা কেন এখনও বাইরে?” উল্লেখ্য, সম্প্রতি আর জি করের জুনিয়র চিকিৎসকদের একাংশও আন্দোলন মঞ্চ থেকে প্রশ্ন তুলেছেন যে, রাজ্যে নতুন সরকার আসার পর তিন জন আইপিএস (IPS) অফিসারকে সাসপেন্ড করা হলেও, বিতর্কিত স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগমকে কেন এখনও সসম্মানে তাঁর পদে বহাল রাখা হয়েছে। এই আবহে রত্না দেবনাথের এই সরাসরি অভিযোগ বর্তমান প্রশাসনের ওপর চাপ আরও বাড়াবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

Exit mobile version