প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-আর জি করের অভয়া কাণ্ডে প্রাক্তন জমানার চেপে রাখা ফাইল এবং তথ্যপ্রমাণ নিয়ে এবার প্রকাশ্যেই বড়সড় হুঁশিয়ারি দিলেন রাজ্যের নতুন স্বাস্থ্যমন্ত্রী ডঃ শারদ্বত মুখোপাধ্যায়। বিজেপি নেতৃত্বাধীন নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকেই আর জি কর কাণ্ডের তদন্তে গতি এসেছে। এবার খোদ স্বাস্থ্যমন্ত্রীর একটি মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।স্বাস্থ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় জানিয়েছেন, “অভয়াকাণ্ডে যা যা ফাইল ছিল, আমরা সব দেখতে পেয়েছি। কিছু ফাইল তদন্তকারীদের হাতে আছে।” রাজনৈতিক বিশ্লেষকদের মতে, স্বাস্থ্যমন্ত্রীর এই মন্তব্যের নিশানায় রয়েছে বিগত তৃণমূল জমানার শীর্ষ নেতৃত্ব, যাদের বিরুদ্ধে শুরু থেকেই তথ্যপ্রমাণ আড়াল করার অভিযোগ তুলে আসছিল বিজেপি।
বিগত দিনে যেভাবে তরুণী চিকিৎসকের মৃত্যুর পর তড়িঘড়ি পদক্ষেপ নেওয়া হয়েছিল এবং তৎকালীন আর জি করের প্রিন্সিপাল সন্দীপ ঘোষ থেকে শুরু করে লালবাজারের পুলিশ কর্তাদের ভূমিকা প্রশ্নের মুখে পড়েছিল, নতুন সরকার এসে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ শুরু করেছে। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েল সহ ৩ জন আইপিএস অফিসারকে সাসপেন্ড করা হয়েছে। বিজেপি ঘনিষ্ঠ রাজনৈতিক মহল মনে করছে, স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের এই মন্তব্যের পর সেইসব ‘লুকানো ফাইল’ এবার সিবিআই-এর মতো কেন্দ্রীয় সংস্থার হাত শক্ত করবে।
বিগত জমানায় জুনিয়ার ডাক্তারদের যে আন্দোলনকে ‘রাজনৈতিক চক্রান্ত’ বলে দেগে দেওয়ার চেষ্টা হয়েছিল, বর্তমান সরকার তার উল্টো পথেই হাঁটছে। স্বাস্থ্যমন্ত্রী সাফ বলেছেন, “অভয়ার আন্দোলন আমাদের সকলের আন্দোলন।”এই মন্তব্যের মাধ্যমে বর্তমান শাসক দল বিজেপি স্পষ্ট করে দিল যে, অভয়া কাণ্ডের নেপথ্যে থাকা আসল দোষীদের এবং তথ্যপ্রমাণ লোপাটের চেষ্টার সাথে যুক্ত প্রভাবশালী মাথাদের চিহ্নিত করতে তারা কোনো আপস করবে না। ফাইল খোলার এই প্রক্রিয়ায় কাদের বুক কাঁপছে, তা আগামী দিনেই স্পষ্ট হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
দাবিত্যাগ (Disclaimer): এই প্রতিবেদনে প্রকাশিত বক্তব্য ও পর্যবেক্ষণ রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সংশ্লিষ্ট মহলের নিজস্ব। এর সত্যতা বা মতামত পোর্টাল স্বাধীনভাবে যাচাই করেনি। বিষয়টি বর্তমানে আইনানুগ তদন্তের অধীন।
