Site icon প্রিয় বন্ধু মিডিয়া

‘যেদিন বলবেন সংখ্যাগরিষ্ঠ বিধায়ক নিয়ে স্পিকারের কাছে পৌঁছে যাব’, হাইকোর্টের রায়ের পর বার্তা ঋতব্রতের!

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-কলকাতা হাইকোর্টের নির্দেশে পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতার পদ হারানোর পরই নিজেদের অবস্থান স্পষ্ট করলেন বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। শুক্রবার (২৭ নভেম্বর, ২০২৬) তিনি সাফ জানিয়ে দেন, বিধানসভার স্পিকার যেদিন ডাকবেন, সেদিনই সংখ্যাগরিষ্ঠ বিধায়কদের নিয়ে তাঁরা হাজির হয়ে যাবেন এবং নিজেদের সমর্থন প্রমাণ করবেন।

শুক্রবার বিকেলে কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণ রাওয়ের একক বেঞ্চ বিধানসভার স্পিকার রথীন্দ্র বসুর গত ৩ জুনের সিদ্ধান্তটি খারিজ করে দিয়েছেন। ওই সিদ্ধান্তের মাধ্যমে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা এবং আখরুজ্জামানকে মুখ্য সচেতক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিল। আদালত জানিয়েছে, নিয়োগের ক্ষেত্রে স্পিকার নিরপেক্ষ ভূমিকা পালন করেননি এবং অপর পক্ষকে বক্তব্য রাখার সুযোগ দেননি। তাই আগামী ১০ দিনের মধ্যে (৭ ডিসেম্বরের মধ্যে) সব পক্ষের দাবি খতিয়ে দেখে আইন অনুযায়ী নতুন করে সিদ্ধান্ত নেওয়ার জন্য স্পিকারকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এই সময়সীমার মধ্যে বিধানসভায় কোনো বৈধ বিরোধী দলনেতা থাকছেন না।

আদালতের এই রায়ের পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, আদালত স্পিকারের সিদ্ধান্ত বাতিল করে বিষয়টি পুনর্বিবেচনার জন্য ফেরত পাঠিয়েছে। আগামী ১০ দিনের মধ্যে স্পিকার যেদিন সময় দেবেন, সেদিনই সংখ্যাগরিষ্ঠ বিধায়কদের নিয়ে তাঁরা স্পিকারের সামনে উপস্থিত হয়ে সমর্থনের প্রমাণ দেবেন। তাঁর দাবি, বিধানসভার অধিকাংশ বিধায়কের সমর্থন তাঁদের শিবিরের সঙ্গেই রয়েছে। পাশাপাশি, তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কটাক্ষের জবাবে ঋতব্রত পাল্টা দাবি করেন, সংসদে ডিলিমিটেশন বিল নিয়ে ভোট দিতে না পারার হতাশা থেকেই তিনি এমন মন্তব্য করছেন।

উল্লেখ্য, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ৮০টি আসনে জয়ী হওয়ার পর দলের অন্দরে ভাঙন দেখা দেয়। ১ জুন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহাকে দল থেকে বহিষ্কার করা হয়। এরপর ৩ জুন বিদ্রোহী শিবিরের ৫৮ জন বিধায়কের সমর্থনের চিঠির ভিত্তিতে স্পিকার রথীন্দ্র বসু ঋতব্রতকে বিরোধী দলনেতা ঘোষণা করেন। স্পিকারের সেই পদক্ষেপকে চ্যালেঞ্জ জানিয়েই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বর্ষীয়ান বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। শুক্রবার সেই মামলারই চূড়ান্ত রায় ঘোষণা করল আদালত।

Exit mobile version