Site icon প্রিয় বন্ধু মিডিয়া

বড় খবর: ২১শে জুলাইয়ের মেগা যুদ্ধে একধাপ এগিয়ে ঋতব্রত! গান্ধী মূর্তির পাদদেশে মিলল পুলিশের অনুমতি!

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-২৬ এর রাজনৈতিক টানাপোড়েনের মাঝে ২১শে জুলাইয়ের শহিদ দিবস সমাবেশ নিয়ে বড়সড় স্বস্তি পেল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন ‘আসল’ তৃণমূল শিবির। দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে কলকাতার মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে আগামী ২১শে জুলাই সমাবেশ করার জন্য পুলিশের সবুজ সংকেত পেয়ে গেল এই বিদ্রোহী গোষ্ঠী। পুলিশের এই ছাড়পত্র মেলার পরই ঋতব্রত শিবিরের কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা দিয়েছে।

২৬-এর বিধানসভা নির্বাচনের পর তৃণমূলের অভ্যন্তরীণ ভাঙনের জেরে ঐতিহ্যবাহী ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে সমাবেশের জন্য কালীঘাট ও ঋতব্রত—উভয় পক্ষই পুলিশের দ্বারস্থ হয়েছিল। তবে আইনশৃঙ্খলা ও নিরাপত্তার স্বার্থে লালবাজারের তরফে ধর্মতলায় কাউকে সভার অনুমতি দেওয়া হয়নি। এই পরিস্থিতিতে ঋতব্রতপন্থীরা রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তার সঙ্গে দেখা করে বিকল্প স্থান হিসেবে গান্ধী মূর্তির পাদদেশের জন্য আবেদন জানান। সেই আর্জিতেই এবার সিলমোহর দিল প্রশাসন।

পুলিশি অনুমতি পকেটে আসতেই আর এক মুহূর্ত সময় নষ্ট করতে রাজি নন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা। জানা গেছে, আগামী সোমবার থেকেই গান্ধী মূর্তি চত্বর পরিদর্শনে যাচ্ছেন শীর্ষ নেতারা এবং জোরকদমে শুরু হয়ে যাচ্ছে ২১শে জুলাইয়ের মঞ্চ তৈরির মূল প্রস্তুতি।

ঋতব্রত শিবির পুলিশের অনুমতি পেয়ে গেলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন কালীঘাট তৃণমূলের ভাগ্য এখনও পুরোপুরি অনিশ্চিত। ধর্মতলায় রাস্তা আটকে সভার অনুমতি না পাওয়ায় তাঁরা ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে আগামী সোমবার এই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে। আদালত শেষ পর্যন্ত কালীঘাট তৃণমূলকে কলকাতার কোথাও সভা করার অনুমতি দেয় নাকি মমতা শিবিরের অস্বস্তি আরও বাড়ে, এখন সেটাই দেখার।

Exit mobile version