প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-কালীঘাটের ওপর চাপ বাড়াতে গতকাল কলকাতার তপসিয়ায় ফের এক হাই-ভোল্টেজ সাংগঠনিক বৈঠকে বসেছিল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন ‘আসল তৃণমূল’। তবে এই বৈঠকের রাজনৈতিক আলোচনার পাশাপাশি সংবাদমাধ্যমের ক্যামেরায় সবথেকে বেশি নজর কেড়েছে সভামঞ্চের দৃশ্য। গত ২২ জুনের নিউটাউন বৈঠকের পর, আজকের তপসিয়ার বৈঠকেও সভামঞ্চের মূল ব্যানার বা পোস্টার থেকে পুরোপুরি গায়েব স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি!
শনিবার বৈঠকের যে তথ্য সামনে এসেছে, তাতে খবর পাওয়া যাচ্ছে সভামঞ্চে দেবাশিস কুমার, অরূপ চক্রবর্তীদের মতো হেভিওয়েট নেতারা বসে রয়েছেন। কিন্তু যে দলনেত্রীর ছবিকে সামনে রেখে গত তিন দশক ধরে তৃণমূল কংগ্রেস রাজনীতি করেছে, আজ সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো ছবি বা কাট-আউট সভামঞ্চের কোথাও রাখা হয়নি।রাজনৈতিক মহলের মতে, এটি কোনো ভুল বা কাকতালীয় ঘটনা নয়। বরং অত্যন্ত সুপরিকল্পিতভাবে দলনেত্রীকে দৃশ্যত সম্পূর্ণ ‘মাইনাস’ করার প্রতীকী কৌশল নিয়েছে ঋতব্রত গোষ্ঠী। মঞ্চের এই ‘মমতাহীন’ আবহ পরিষ্কার বার্তা দিচ্ছে যে, কালীঘাটের রাশ টেনে ধরে অরূপ রায়কে নতুন চেয়ারপার্সন করার যে সিদ্ধান্ত তারা ২২ জুন নিয়েছিল, আজ তা আরও একধাপ এগিয়ে নিয়ে যাওয়া হলো।
একদা যে দলনেত্রীর ছবি ছাড়া তৃণমূলের কোনো বুথ স্তরের বৈঠকও ভাবা যেত না, আজ সেই দলেরই পাল্টা শিবিরের মূল মঞ্চ থেকে তাঁর ছবি উধাও হয়ে যাওয়াটা বাংলার রাজনীতিতে এক বিরাট ঐতিহাসিক পটপরিবর্তন। এই দৃশ্য ঘিরে ইতিমধ্যেই কালীঘাট শিবিরে অস্বস্তি যেমন বেড়েছে, তেমনই রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র চর্চা।
