Site icon প্রিয় বন্ধু মিডিয়া

রণক্ষেত্র পঞ্চসায়র: গভীর রাতে বিজেপি এজেন্টের অফিস-গাড়ি গুঁড়িয়ে দিল দুষ্কৃতীরা, সিসিটিভি ভেঙে ‘প্রমাণ লোপাটে’র মরিয়া চেষ্টা!

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-ভোট পরবর্তী উত্তাপে ফের তপ্ত হয়ে উঠল যাদবপুর বিধানসভার অন্তর্গত গড়িয়ার পঞ্চসায়র এলাকা। গতকাল, ২৯ শে এপ্রিল রাতে ১৫৩ নম্বর বুথের বিজেপি এজেন্ট শান্তনু সরকারের অফিস এবং বাড়িতে একদল সশস্ত্র দুষ্কৃতী ভয়াবহ হামলা চালায় বলে অভিযোগ। ঘটনার আকস্মিকতায় এবং তাণ্ডবে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আজ, ৩০ শে এপ্রিল সকালেও এলাকায় চাপা উত্তেজনা বজায় রয়েছে।

অভিযোগ উঠেছে, বুধবার রাতে আনুমানিক ৫০ থেকে ৬০ জনের একটি বিশাল বাহিনী এলাকায় চড়াও হয়। লক্ষ্য ছিল বিজেপি এজেন্ট শান্তনু সরকারের নির্মাণ সংস্থার অফিস। দুষ্কৃতীরা অফিসের আসবাবপত্র ভাঙচুর করার পাশাপাশি দামী সিসিটিভি (CCTV) ক্যামেরাগুলিও ভেঙে দেয়। শুধু অফিস নয়, অফিসের বাইরে দাঁড়িয়ে থাকা শান্তনু বাবুর ব্যক্তিগত গাড়িটিও ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। অভিযোগ আরও গুরুতর যে, সেই সময় বাড়িতে উপস্থিত শান্তনু বাবুর স্ত্রীকেও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।

তাণ্ডব এখানেই শেষ হয়নি। পাশের বাড়ির এক বিজেপি কর্মী প্রশান্ত ঘোষের বাড়িতেও হামলা চালানো হয় বলে অভিযোগ। সেই সময় প্রশান্ত বাবু বাড়িতে না থাকলেও তাঁর পরিবারের সদস্যদের চরম হেনস্থা করা হয়। এলাকার মানুষের দাবি, দুষ্কৃতীরা সুপরিকল্পিতভাবে হামলা চালিয়েছে। এমনকি পরিচয় গোপন রাখতে এবং পুলিশের হাত থেকে বাঁচতে তৃতীয় একটি বাড়ির সিসিটিভি ক্যামেরাও ভেঙে ফেলে তারা।

বিজেপির পক্ষ থেকে সরাসরি তৃণমূল কংগ্রেসের দিকে আঙুল তোলা হয়েছে। তাদের দাবি, ভোটের কাজের বদলা নিতেই এই পরিকল্পিত হামলা। যদিও এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, এই ঘটনার সঙ্গে তাঁর দলের কোনো যোগ নেই, এটি এলাকায় কোনো ব্যক্তিগত বিবাদ বা বিরোধীদের গোষ্ঠীদ্বন্দ্বের ফল হতে পারে।

আজ সকাল থেকেই গোটা এলাকা থমথমে হয়ে রয়েছে। স্থানীয় বাসিন্দারা নিরাপত্তার অভাবে ভুগছেন। পুলিশ সিসিটিভি ফুটেজ (যেটুকু অক্ষত পাওয়া গেছে) এবং প্রত্যক্ষদর্শীদের বয়ান সংগ্রহ করে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা করছে। বিজেপির স্থানীয় নেতৃত্বের দাবি, ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেফতার না করা হলে তারা বৃহত্তর আন্দোলনে নামবে। অন্যদিকে, তৃণমূল এই অভিযোগকে ‘ভিত্তিহীন কুৎসা’ বলে উড়িয়ে দিয়েছে।

Exit mobile version