প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকেই জনমানসে একটা বড় প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল—বিগত জমানার চালু থাকা জনকল্যাণমুখী প্রকল্পগুলো কি বন্ধ হয়ে যাবে? আজ সব জল্পনার অবসান ঘটিয়ে নবান্নের তরফে অত্যন্ত বড় এবং ইতিবাচক বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, “অনেকেই প্রশ্ন তুলেছেন, চালু থাকা প্রকল্প বন্ধ করে দেবে কিনা নতুন সরকার। আমরা আগেই বলেছিলাম, কোনও প্রকল্প বন্ধ হবে না। সমস্ত প্রকল্পই চালু থাকবে, তবে সেগুলোর গুণগত মান বজায় রাখা হবে।” আজ, মঙ্গলবার হাওড়ার বাঁকড়ার মধুসূদন পাল চৌধুরী হাইস্কুলে আয়োজিত একটি বিশেষ প্রশাসনিক অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী ছাত্রছাত্রীদের জন্য একগুচ্ছ যুগান্তকারী ঘোষণা করেন।
মুখ্যমন্ত্রী জানান, বিগত তৃণমূল সরকারের আমলের সাইকেল প্রদান প্রকল্প ‘সবুজ সাথী’র নাম ও লোগো বদলে এবার সম্পূর্ণ নতুন আঙ্গিকে এবং উন্নত গুণমান নিয়ে আনা হচ্ছে ‘সারথি’ প্রকল্প। মুখ্যমন্ত্রী বলেন, “আমরা এই প্রকল্পের সাইকেলের গুণগত মান পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছি। ৩ স্তরে কঠোরভাবে এর গুণগত মান পরীক্ষা করা হয়েছে।” যাতে ছাত্রছাত্রীরা আরও টেকসই এবং উন্নত মানের সাইকেল পায়, বর্তমান সরকার তা নিশ্চিত করেছে।
এতদিন সাধারণত নবম শ্রেণি বা তার উপরের ক্লাসের পড়ুয়ারা সাইকেল পেত। কিন্তু আজ রাজ্য সরকার পড়ুয়াদের সুবিধার্থে নিয়মে বড়সড় বদল এনেছে। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, আগামী অর্থবছর থেকে অষ্টম শ্রেণি (Class VIII) থেকেই ছাত্রছাত্রীরা ‘সারথি’ প্রকল্পের সাইকেল পাবে। চলতি ২০২৬-২৭ অর্থবর্ষেই রাজ্যের প্রায় ১২ লক্ষ ৫৯ হাজার ছাত্রছাত্রীকে এই সারথি প্রকল্পের সাইকেল বিতরণ করা হবে বলে পরিসংখান দিয়েছেন মুখ্যমন্ত্রী।
সাইকেলের পাশাপাশি রাজ্যের ছাত্রীদের পড়াশোনা এগিয়ে নিয়ে যেতেও বড় উপহারের ঘোষণা করা হয়েছে। মুখ্যমন্ত্রী মনে করিয়ে দেন, গত ১৪ অগাস্ট রাজ্যজুড়ে সাড়ম্বরে পালিত হয়েছে ‘কন্যারত্ন দিবস’। সেই মঞ্চ থেকেই ঘোষণা করা হয়েছে যে, রাজ্যের যোগ্য কন্যারত্নরা সরকারের তরফ থেকে প্রতি মাসে ১০০০ টাকা করে আর্থিক সহায়তা পাবেন। কোনো প্রকল্প বন্ধ করা তো দূরস্ত, বরং নতুন বিজেপি সরকার প্রতিটি প্রকল্পের পরিধি এবং গুণমান আরও বাড়িয়ে দিচ্ছে বলেই আজ নবান্নের বার্তা থেকে স্পষ্ট।
