Site icon প্রিয় বন্ধু মিডিয়া

বিধায়করা ফিতে নিয়ে ফ্ল্যাট মাপতে ছুটছেন! শমীক ভট্টাচার্যের বিস্ফোরক হুঁশিয়ারিতে তোলপাড় বিজেপি!

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-বাংলায় দলের অন্দরেই তোলাবাজি ও সিন্ডিকেট রাজ রুখতে নজিরবিহীন কড়া অবস্থান নিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ শমীক ভট্টাচার্য। নিউটাউনে আয়োজিত বিজেপির একটি প্রশিক্ষণ শিবিরে বক্তব্য রাখতে গিয়ে নিজের দলেরই বিধায়কদের একাংশের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দেন তিনি। দলের নেতাদের একাংশ ক্ষমতার অপব্যবহার করছেন উল্লেখ করে তিনি সাফ জানান, এই ধরণের অন্যায় কোনোভাবেই বরদাস্ত করা হবে না এবং সময় থাকতে তাঁদের শুধরে যেতে হবে।

প্রশিক্ষণ শিবিরের বৈঠকে শমীক ভট্টাচার্য অভিযোগ করেন, উত্তর কলকাতা থেকে শুরু করে দক্ষিণ দমদম এবং নিউটাউনের মতো এলাকাগুলি থেকে দলের এক শ্রেণির জনপ্রতিনিধির বিরুদ্ধে একের পর এক তোলাবাজির মারাত্মক অভিযোগ আসছে। তীব্র কটাক্ষের সুরে রাজ্য সভাপতি বলেন, “দলের কোনও কোনও বিজেপি বিধায়ক নাকি এখন ফিতে নিয়ে ফ্ল্যাট মাপতে ছুটছেন! অনেকে অন্যায় করছেন, শুধরে যান। কেউ কেউ মনে করছেন, নিজেদের ক্ষমতায় বিধায়ক হয়েছেন, তাঁরা ভুল ভাবছেন। প্রচুর ত্যাগের পর ক্ষমতায় এসেছে বিজেপি, ক্ষমতার অপব্যবহার করতে কাউকে দেব না।”

তোলাবাজি ও কাটমানি রুখতে বর্তমান রাজ্য নেতৃত্ব ও সরকারের অবস্থান যে কতটা অনড়, তা বোঝাতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া বার্তার প্রসঙ্গ টেনে আনেন শমীক ভট্টাচার্য। তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, “প্রয়োজনে তাঁদের দল থেকে বের করে দেব। মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন, ২০ জন MLA-কে বের করে দিলে কিছু যায় আসে না।” নবান্ন ও রাজ্য বিজেপি নেতৃত্বের তরফে ইতিমধ্যেই এই সমস্ত অভিযুক্ত বিজেপি বিধায়কদের গতিবিধির ওপর নজর রাখতে বিশেষ ফাইল তৈরি করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

Exit mobile version