প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
ইতিমধ্যেই এসআইআর প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হয়ে গিয়েছে। এখন বিবেচনাধীন তালিকায় বহু ভোটারের ভাগ্য ঝুলে রয়েছে বিচার বিভাগের কাছে। সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট ধাপে ধাপে ঘোষণা হতে পারে। যেহেতু চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হয়ে গিয়েছে, সেহেতু এবার ভোট ঘোষণা করতে আর কোনো বাধা নেই। তাই সকলের মধ্যে একটাই কৌতুহল যে, কবে ভোট ঘোষণা হবে। আর তার মধ্যেই এবার ভোট ঘোষণার আগে যে কাজটি নির্বাচন কমিশন করে, সেই কাজটিই হতে চলেছে। যেখানে রাজ্যে আসতে চলেছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। আর তারা ফিরে গেলেই কয়েক দিনের মধ্যেই ভোট ঘোষণা হবে বলেই মনে করা হচ্ছে।
এসআইআর প্রক্রিয়া যখন এই রাজ্যে শুরু হয়েছিল, ঠিক তার কয়েকদিন পর থেকেই বিশৃঙ্খলা দেখতে পাওয়া যায় এবং তখন থেকেই রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য দাবি করে আসছিলেন যে, জ্ঞানেশ কুমারকে কলকাতায় আসতে হবে। রাজ্যের বিভিন্ন প্রান্তে পরিদর্শন করতে হবে। পশ্চিমবঙ্গের বাইরেও অনেক রাজ্যে এসআইআর চলছে। কিন্তু কোথাও এত অশান্তি হচ্ছে না। তাই জ্ঞানেশ কুমার নিজে কলকাতায় আসুন। এসে তদারকি করুন বাংলার পরিস্থিতি। অর্থাৎ বাংলায় কিভাবে বিশৃঙ্খলা চলছে, সেই সম্পর্কে অবহিত হতেই দেশের মুখ্য নির্বাচন কমিশনারের বাংলায় আসা প্রয়োজন বলে বারবার দাবি জানিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি। অবশেষে তার সেই দাবি পূরণ হওয়ার পথে। যেখানে নির্বাচনে নির্ঘণ্ট প্রকাশ হওয়ার আগেই রাজ্যে আসতে চলেছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ।
সূত্রের খবর, আগামী ৯ মার্চ এবং আগামী ১০ মার্চ রাজ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করবেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। আর সেই কারণেই আগামী ৮ মার্চ সন্ধ্যায় কলকাতায় আসতে চলেছেন তিনি। যেখানে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ তার সঙ্গে রাজ্যে আসবেন। বিশেষজ্ঞরা বলছেন, ভোট প্রস্তুতির অঙ্গ হিসেবেই নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের এই পশ্চিমবঙ্গ সফর। আর তারা বৈঠক করে দিল্লি ফিরে যাওয়ার কিছুদিনের মধ্যেই বাংলায় ভোট ঘোষণা হয়ে যেতে পারে। স্বাভাবিক ভাবেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে প্রশাসনিক রীতিনীতি মেনে বৈঠক করে বাংলার পরিস্থিতি বুঝে নিয়েই ভোটের নির্ঘণ্ট ঘোষণা করবে জাতীয় নির্বাচন কমিশন বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
