প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-বাংলার রাজনৈতিক প্রেক্ষাপটে আজ এক অভূতপূর্ব ও তাৎপর্যপূর্ণ দৃশ্যের সাক্ষী থাকল সল্টলেক। আজ সকাল ১০ টায় বিজেপি নেতা শমীক ভট্টাচার্যের বাসভবন থেকে যখন নবনিযুক্ত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বেরিয়ে এলেন, তখন দেখা গেল এক বিরল মুহূর্ত—শমীক ভট্টাচার্যের হাত শক্ত করে ধরে আছেন মুখ্যমন্ত্রী।
সকাল থেকে শমীক ভট্টাচার্যের বাড়িতে দুই নেতার মধ্যে দীর্ঘক্ষণ আলোচনা চলে। বৈঠক শেষে তাঁদের এই হাতে হাত রেখে বেরিয়ে আসা সাধারণ কোনো সৌজন্য নাকি এর নেপথ্যে রাজ্য প্রশাসনের কোনো বড়সড় ‘মাস্টারপ্ল্যান’ রয়েছে, তা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।
শমীক ভট্টাচার্যের বাড়ি থেকে বেরোনোর পর মুখ্যমন্ত্রী সরাসরি পৌঁছান সল্টলেকের বিজেপি দপ্তরে। সেখানে আগে থেকেই ভিড় জমিয়েছিলেন হাজার হাজার কর্মী-সমর্থক। মুখ্যমন্ত্রীকে দেখা মাত্রই শুরু হয় পুষ্পবৃষ্টি আর গগনভেদী স্লোগান। নতুন মুখ্যমন্ত্রীকে ফুল দিয়ে বরণ করে নেওয়ার পাশাপাশি চলে মিষ্টি মুখ। সাধারণ কর্মীদের এই বাঁধভাঙা উচ্ছ্বাস প্রমাণ করে দিচ্ছে যে, নতুন সরকারের প্রতি মানুষের প্রত্যাশা আকাশছোঁয়া।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শমীক ভট্টাচার্য ও শুভেন্দু অধিকারীর এই রসায়ন দলের অন্দরের একতাকেই আরও মজবুত করল। প্রশাসনের গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে এই বিশেষ সাক্ষাৎ আগামী দিনে রাজ্যের আইনশৃঙ্খলা বা উন্নয়নমূলক কাজে কোনো বড় চমক আনতে পারে বলেই মনে করা হচ্ছে।
আপাতত সল্টলেকের বিজেপি দপ্তর উৎসবে মাতোয়ারা হলেও, সকলের নজর এখন নবান্নের দিকে—যেখানে আজই বসতে চলেছে প্রথম মন্ত্রিসভার বৈঠক।
