Site icon প্রিয় বন্ধু মিডিয়া

পুলিশকে গুলি চালানোর স্পর্ধা! ৪৮ ঘণ্টার মধ্যেই নানুরের ইটভাটায় এনকাউন্টারে খতম রতন শেখ, ‘জিরো টলারেন্স’ বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর!

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-জেল থেকে জামিনে বেরিয়ে সোজা খাকি উর্দিকে লক্ষ্য করে গুলি! ভেবেছিল, পুরনো কায়দায় পুলিশের চোখে ধুলো দিয়ে ফের গা-ঢাকা দেবে। কিন্তু সময় বদলেছে, আর বদলে যাওয়া সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে প্রশাসনের মেজাজও। শান্তিনিকেতনে কর্তব্যরত পুলিশ কনস্টেবলকে গুলি চালানোর ঠিক ৪৮ ঘণ্টার মাথায় চরম পরিণতি হলো কুখ্যাত দুষ্কৃতী রতন শেখের। রবিবার (১৫ নভেম্বর) বিকেলে বীরভূমের নানুরের এক নির্জন ইটভাটায় পুলিশের পাল্টা গুলিতে নিকেশ হলো ৩৬টি ফৌজদারি মামলার এই দাগি আসামি। পুলিশ ও প্রশাসন সূত্রে খবর, রাজ্যে পালাবদলের পর, অর্থাৎ বর্তমান বিজেপি সরকার ক্ষমতায় আসার পর গত ছ’মাসে এই নিয়ে পঞ্চম এনকাউন্টারের সাক্ষী থাকল বাংলা।

ঘটনার পর থেকেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দ্রুত তৎপরতা এবং বলিষ্ঠ নেতৃত্বের ভূয়সী প্রশংসা শুরু হয়েছে প্রশাসনিক ও রাজনৈতিক মহলে। শনিবার রাতে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন কনস্টেবল বিশ্বজিৎ দাসকে দেখতে ছুটে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। হাসপাতালের বেডে শুয়ে থাকা আহত কনস্টেবলের চিকিৎসার সমস্ত খোঁজখবর নেওয়ার পাশাপাশি তাঁর পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দেন শুভেন্দু অধিকারী। পুলিশ মহলের একাংশের মতে, খোদ মুখ্যমন্ত্রী এভাবে পাশে দাঁড়ানোয় গোটা পুলিশ বাহিনীর মনোবল কয়েকগুণ বেড়ে গিয়েছে। হাসপাতাল থেকেই অপরাধীদের বিরুদ্ধে কঠোরতম পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। আর রবিবারের এনকাউন্টারের পর মুখ্যমন্ত্রীর সাফ জবাব— “কেউ যদি পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়, তবে পুলিশ কি তাকে রসগোল্লা খাওয়াবে?” শাসকদলের নেতা-মন্ত্রী এবং স্থানীয় বাসিন্দাদের একাংশের মতে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ‘জিরো টলারেন্স’ নীতি এবং দৃঢ় প্রশাসনিক ইচ্ছাশক্তির কারণেই মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে এই বড় সাফল্য পেল পুলিশ। তাঁদের দাবি, অতীতে অপরাধীদের প্রতি যে নমনীয় মনোভাব দেখা যেত, বর্তমান মুখ্যমন্ত্রীর আমলে তার সম্পূর্ণ অবসান ঘটেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নানুর থানার সাঁওতা গ্রামের বাসিন্দা রতন শেখের বিরুদ্ধে চুরি, ডাকাতি ও ছিনতাইসহ মোট ৩৬টি ফৌজদারি মামলা ঝুলছিল। গত শুক্রবার (১৩ নভেম্বর) একটি ডাকাতির মামলায় জামিন পেয়ে এলাকায় ফিরেছিল সে। পুলিশি নথি অনুযায়ী, ওইদিন সন্ধ্যায় শান্তিনিকেতন থানার অন্তর্গত বোলপুরের লায়েক বাজার বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় রতনের উপস্থিতির খবর পেয়ে তাকে পাকড়াও করতে যান তিনজন সাদা পোশাকের পুলিশকর্মী। পুলিশের অভিযোগ, আইনের হাত থেকে বাঁচতে সেদিন সোজা পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে চম্পট দেয় রতন। গুলিতে বাঁ পায়ে গুরুতর জখম হন শান্তিনিকেতন থানার কনস্টেবল বিশ্বজিৎ দাস।

পুলিশ সূত্রে খবর, রতনকে পাতাল থেকে খুঁজে বের করতে এএসপি ও ডিএসপি পদমর্যাদার আধিকারিকদের নেতৃত্বে তৈরি হয় ১০টি বিশেষ তদন্তকারী দল (Special Team)। বেছে বেছে অভিযানে নামানো হয় বোলপুর ও নানুর এলাকার মাটি চেনা পোড়খাওয়া অফিসারদের। পুলিশের তরফে জানানো হয়েছে: রবিবার দুপুরে পার্শ্ববর্তী পূর্ব বর্ধমানের নবাবহাট এলাকা থেকে রতনকে পাকড়াও করে পুলিশ। পুলিশের দাবি, টানা জেরার মুখে ভেঙে পড়ে নিজের অপরাধ কবুল করে রতন। তদন্তকারীদের সে জানায়, কনস্টেবলের ওপর হামলায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটি নানুরের উচকরণ গ্রামের একটি ইটভাটায় লুকোনো রয়েছে। রবিবার বিকেলে রতনকে সঙ্গে নিয়েই ওই ইটভাটায় অস্ত্র উদ্ধারে যান তদন্তকারীরা। কোথায় অস্ত্র লুকোনো আছে, তা দেখাতে বলা হয় তাকে। পুলিশের দাবি, অস্ত্র দেখানোর নাম করে আচমকাই গোপন জায়গা থেকে লুকোনো আগ্নেয়াস্ত্র টেনে বের করে পুলিশকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে রতন। রতনের ছোড়া গুলি এসে লাগে পুলিশের গাড়িতে। নিজেদের প্রাণ বাঁচাতে এবং দুষ্কৃতীকে রুখতে এক মুহূর্ত সময় নষ্ট না করে আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালান পুলিশকর্মীরা, এমনটাই দাবি পুলিশের। গুলিতে গুরুতর জখম রতনকে উদ্ধার করে নানুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে বিকেল পৌনে ছ’টা নাগাদ চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

Exit mobile version