প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
কয়লা পাচার মামলায় এবার হাত খুলে খেলতে শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এতদিন যারা কেন্দ্রীয় সংস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন, যারা বলতে শুরু করেছিলেন যে, এদের দ্বারা কাজের কাজ কিছু হবে না, ওপর তলায় সেটিং রয়েছে, তাদের মুখে কার্যত ঝামা ঘষা পড়লো। ইডি সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিয়ে বুঝিয়ে দিলো যে, যারা এই অপরাধের সঙ্গে যুক্ত, তাদের কাউকে ছাড়া হবে না। ইতিমধ্যেই একাধিক জায়গায় তারা তল্লাশি চালিয়েছে। আর এবার সেই ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
এই রাজ্যের বুকে একাধিক তদন্তকারী সংস্থা একাধিক বিষয়ে তদন্ত চালাচ্ছে। কিন্তু সকলের মধ্যে একটাই অভিযোগ যে, কেন মূল মাথাতে গ্রেফতার করা হচ্ছে না? যারা রাঘববোয়াল, তাদের কবে ধরা হবে? যার ফলে অনেকেই কেন্দ্রীয় সংস্থার ভূমিকা নিয়ে হতাশা প্রকাশ করেছিলেন। কিন্তু তদন্তকারী সংস্থা যে সঠিক সময়েই সঠিক পদক্ষেপ নেয়, তা আবার স্পষ্ট হয়ে গেল। যেখানে এই কয়লা পাচার মামলায় এবার গ্রেপ্তার করা হলো চিন্ময় মন্ডল এবং কিরণ খাঁ নামে দুই ব্যক্তিকে।
সূত্রের খবর, গতকালই খবর পাওয়া গিয়েছিল যে, এই চিন্ময় মন্ডল এবং বুদবুদ থানার ওসি মনোরঞ্জন মন্ডলকে কেন্দ্রীয় সংস্থা তলব করেছে। আজ সকালেই খবর পাওয়া যায় যে, লালা ঘনিষ্ঠ ব্যবসায়ী চিন্ময় মন্ডলকে গ্রেপ্তার করেছে ইডি। শুধু তাকেই নয়, তার পাশাপাশি কিরণ খাঁ নামে আরও এক ব্যক্তিকেও গ্রেফতার করা হয়েছে। মূলত, কেন্দ্রীয় সংস্থার কাছে এদের বিরুদ্ধে বেশ কিছু তথ্য পৌঁছেছে। আর সেই কারণেই আর বিন্দুমাত্র সময় নষ্ট না করে এবার হাত খুলে কয়লা পাচার মামলায় অ্যাকশন নিতে শুরু করেছেন ইডি আধিকারিকরা বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
