Site icon প্রিয় বন্ধু মিডিয়া

ক্যানিং পূর্বের প্রাক্তন বিধায়ক শওকত মোল্লার বিরুদ্ধে এবার গুরুতর ধর্ষণের অভিযোগ, জীবনতলা থানায় মামলা দায়ের!

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-ভাঙড় বোমা বিস্ফোরণ মামলায় বর্তমানে এনআইএ (NIA) হেফাজতে থাকা ক্যানিং পূর্বের প্রাক্তন বিধায়ক শওকত মোল্লার বিরুদ্ধে এবার এক মহিলাকে মাথায় বন্দুক ঠেকিয়ে গণধর্ষণ ও ব্ল্যাকমেলের গুরুতর অভিযোগ উঠল। দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থানায় এই মর্মে শওকত মোল্লা সহ ৪ জনের বিরুদ্ধে একটি এফআইআর (FIR) দায়ের করা হয়েছে।

অভিযোগকারিণী মহিলার দাবি, ২০১৯ সালের মার্চ মাসে তাঁর ৫ বছরের নাবালক পুত্রসন্তান অপহৃত হওয়ার পর তিনি সাহায্যের জন্য শওকত মোল্লার অনুগামীদের দ্বারস্থ হয়েছিলেন। অভিযোগ, সেই সুযোগ নিয়ে প্রথমে শওকতের গাড়িচালকের পরিচিতদের ডেরায় এবং পরবর্তীতে শওকত মোল্লার অফিসে তাঁকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে গণধর্ষণ করা হয়। শুধু তাই নয়, আপত্তিকর ভিডিও তুলে রেখে গত ৫ বছর ধরে তাঁকে লাগাতার ব্ল্যাকমেল করা হতো এবং সন্তানকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হতো বলেও এফআইআর-এ উল্লেখ করা হয়েছে।

এই ঘটনা সামনে আসতেই কড়া প্রতিক্রিয়া দিয়েছে বিজেপি নেতৃত্ব। গেরুয়া শিবিরের দাবি, রাজ্যে এতদিন ধরে চলা দুর্নীতির ও নারী নির্যাতনের যে পরিবেশ তৈরি হয়েছিল, তা এই ঘটনা থেকে স্পষ্ট। দীর্ঘদিনের পুঞ্জীভূত ভয়ের পরিবেশ কেটে যাওয়ার পরেই নির্যাতিতা আজ সাহস করে মুখ খুলতে পেরেছেন। বিজেপি এই ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

Exit mobile version