প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-২০২৬-এর মহাযুদ্ধে শেষ হাসি কে হাসবে? ভোটের প্রথম দফা (২৩শে এপ্রিল) এগিয়ে আসতেই সেই প্রশ্নের উত্তর খুঁজতে আজ ফের বাংলায় পা রাখলেন বিজেপির প্রধান সেনাপতি তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ মঙ্গলবার উত্তরবঙ্গের তিন জেলা চষে ফেলছেন তিনি। একদিকে যখন দক্ষিণবঙ্গে ‘মরীচিকা’র পিছনে ছুটছে শাসকদল, ঠিক তখন উত্তরের গড়কে আরও মজবুত করতে কোমর বেঁধে নেমেছেন শাহ।
আজকের কর্মসূচিতে কার্যত উত্তরবঙ্গের হৃদয় ছুঁয়ে যাওয়ার পরিকল্পনা নিয়েছে বিজেপি। এক নজরে দেখে নিন শাহর মেগা রুটিন: উত্তর দিনাজপুর (কালিয়াগঞ্জ): বেলা ১১টা ৩০ মিনিট নাগাদ কালিয়াগঞ্জে একটি বিশাল রোড-শো দিয়ে আজকের প্রচারের সূচনা করবেন তিনি। এখানকার জনজোয়ারই বলে দেবে উত্তরবঙ্গের মানুষ কোন দিকে।
দক্ষিণ দিনাজপুর (গঙ্গারামপুর): এরপর তিনি যাবেন গঙ্গারামপুরে। সেখানে গোচিয়ার মাঠে একটি বিশাল জনসভায় ভাষণ দেবেন শাহ। সূত্রের খবর, অনুপ্রবেশ এবং কর্মসংস্থান নিয়ে আজ তৃণমূলকে কড়া চ্যালেঞ্জ ছুঁড়তে পারেন তিনি। দিনের শেষে মালদহ উত্তর কেন্দ্রে জোড়া কর্মসূচি রয়েছে তাঁর। প্রথমে মানিকচক এবং পরে গাজোলে নির্বাচনী সভা করবেন তিনি। মালদহের এই দুই আসন পুনরুদ্ধারে শাহর সভা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
রাজনৈতিক মহলের মতে, অমিত শাহর বাংলায় আসা মানেই বিরোধী শিবিরে কম্পন। তাঁর নিখুঁত পরিকল্পনা এবং বুথ স্তরের কর্মীদের চাঙ্গা করার ক্ষমতা বারবার প্রমাণিত। আজ উত্তরবঙ্গের জেলাগুলোতে তিনি যে বার্তা দেবেন, তা গোটা রাজ্যের নির্বাচনী সমীকরণ বদলে দিতে পারে বলে মনে করা হচ্ছে।
বিজেপি কর্মীদের দাবি, “বাংলার মানুষ পরিবর্তন চায়। আর শাহর এই সফর সেই পরিবর্তনের পথকে আরও প্রশস্ত করবে। এবার আসল পরিবর্তন হবেই।”
