প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এই রাজ্যের শাসক দল খুব ভালো মতই বুঝতে পেরেছে যে, অন্যায় অবিচার করে দেশের সংবিধানকে চ্যালেঞ্জ জানিয়ে ক্ষমতায় টিকে থাকা যাবে না। এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই নির্বাচন কমিশন অত্যন্ত সদর্থক ভূমিকা পালন করছে। যেখানেই অনিয়ম দেখতে পাচ্ছেন তারা, সেখানেই সে যত বড় মাপের ব্যক্তিই হোক না কেন, তাকে ডেকে পাঠানো হচ্ছে শুনানিতে। ইতিমধ্যেই তৃণমূল সাংসদ তথা বিশিষ্ট অভিনেতা দীপক অধিকারী ওরফে দেবকেও শুনানিতে ডেকে পাঠিয়েছে কমিশন। আর সেটা নিয়ে কিছুদিন আগেই আপত্তি তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি এবং নির্বাচন কমিশনকে ধিক্কার জানিয়েছিলেন তিনি। তবে আজ নির্বাচন কমিশনের ডাকে সেই শুনানিতে উপস্থিত হয়েছিলেন তৃণমূল সাংসদ তথা বিশিষ্ট অভিনেতা দেব। তবে তৃণমূল থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায় যতই এই সমস্ত বিষয়ে আপত্তি তুলে নির্বাচন কমিশন ভুল কাজ করছে বলে দাবি করার চেষ্টা করুন না কেন, সবাইকেই যে নিয়ম মানতে হবে এবং সঠিকভাবেই যে নির্বাচন কমিশন এসআইআর প্রক্রিয়ায় এই দেবকে ডেকে পাঠিয়েছে, তা স্পষ্ট করে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।
আজ এসআইআরের শুনানি প্রক্রিয়ায় উপস্থিত হয়েছিলেন দীপক অধিকারী ওরফে দেব। কিছুদিন আগেই এই বিষয়টি নিয়ে প্রশ্ন তুলতে দেখা গিয়েছিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। দীর্ঘদিন ধরে যিনি সিনেমা করছেন, যিনি বাংলার সন্তান, তাকে কেন এইভাবে শুনানিতে ডেকে পাঠানো হবে, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি। কিন্তু নিয়ম তো সকলের জন্যই সমান। ২০০২ সালের ভোটার তালিকায় নাম না থাকলে এবং কিছু গরমিল দেখলেই নির্বাচন কমিশন স্বচ্ছতার জন্য সেই ব্যক্তিকে ডেকে পাঠাচ্ছে। সেক্ষেত্রে যদি তার মনে কোনো ভয় নাই থাকবে, তাহলে নির্বাচন কমিশনের মুখোমুখি হতে এত দ্বিধা কেন? দেব যখন শুনানিতে গিয়েছে, তখন তৃণমূল নির্বাচন কমিশনের উদ্দেশ্যে অনেক কথা বলছে। আর এই পরিস্থিতিতে সমালোচকদের মুখে ঝামা ঘষে দিয়ে তৃণমূল সাংসদ যে পশ্চিমবঙ্গের বাসিন্দা ছিলেন না, সেই কথা উল্লেখ করলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।
এদিন দীপক অধিকারী ওরফে দেবের শুনানিতে উপস্থিত হওয়া প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারকে প্রশ্ন করেন সাংবাদিকরা। আর সেই ব্যাপারে প্রতিক্রিয়া দিতে গিয়ে সুকান্তবাবু বলেন, “দেব কেন নোটিশ পাবে না, এটা আপনারা আমাকে বুঝিয়ে বলুন তো? কোন আইন অনুসারে? আর্কিমিডিসের ল অনুসারে, নিউটনের ল অনুসারে, না ফ্যারাডে ল অনুসারে? দেব পশ্চিমবঙ্গের বাসিন্দা ছিল না। দেবের বাবা মুম্বইয়ে কাজ করতো। তার ভোটার লিস্টে মুম্বাইয়ে নাম ছিল। দেব তো ২০১০ এ এসেছে এই রাজ্যে, ভোটার লিস্টে নাম এসেছে তার। তাহলে তার কাছে নোটিশ কেন যাবে না? তাকে শুধু ডকুমেন্ট দিয়ে দেখাতে হবে।”
