প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-বিধানসভার অন্দরে ‘বিরোধী দলনেতা’ (Leader of the Opposition) কে হবেন—এই প্রশ্নে দীর্ঘ কয়েক মাস ধরে চলা আইনি লড়াইয়ে আজ বড়সড় স্বস্তি পেলেন প্রবীণ তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণ রায়ের একক বেঞ্চ বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বসুর গত ৩ জুনের সিদ্ধান্ত খারিজ করে দিয়েছে। আদালতের এই নির্দেশের ফলে আপাতত বিরোধী দলনেতার পদ হারালেন বিদ্রোহী বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং মুখ্য সচেতকের পদ হারালেন বিধায়ক আখরুজ্জামান। পাশাপাশি, আগামী ১০ দিনের মধ্যে আইন মেনে বিষয়টি পুনর্বিবেচনা করে অধ্যক্ষকে নতুন সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। আর আদালতের এই রায় সামনে আসতেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ৩৫ বছরের সংসদীয় অভিজ্ঞতার কথা তুলে ধরেন শোভনদেব চট্টোপাধ্যায়। তিনি বলেন—“কোর্ট ন্যায়সঙ্গত রায় দিয়েছে। ১৯৯১ সাল থেকে বিধানসভায় আছি, কখনও দেখিনি বা এই অবস্থা এর আগে কোনও দিনও হয়নি।”
কিন্তু প্রবীণ এই বিধায়কের মুখ থেকে ‘গণতন্ত্র’ ও ‘সংসদীয় প্রথা’র এই আক্ষেপ শোনার পরই রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে তীব্র কটাক্ষ। ওয়াকিবহাল মহলের প্রশ্ন—১৯৯১ সাল থেকে বিধানসভায় থাকা শোভনদেব চট্টোপাধ্যায় কি সত্যিই সব ভুলে গেলেন, নাকি নিজের চেয়ার ফিরে পাওয়ার আশায় আজ সুকৌশলে ‘স্মৃতিভ্রংশের’ অভিনয় করছেন?
হাইকোর্টের রায়ের পর রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ শোভনদেব চট্টোপাধ্যায়ের এই মন্তব্যকে কার্যত তুলোধোনা করেছেন। সমালোচকদের মতে, প্রবীণ এই নেতার বক্তব্যে স্ববিরোধিতা স্পষ্ট। রাজনৈতিক পর্যবেক্ষকদের প্রশ্ন, শোভনদেব চট্টোপাধ্যায় যে ১৯৯১ সাল থেকে বিধানসভায় থাকার দোহাই দিচ্ছেন, সেই দীর্ঘ ৩৫ বছরের ইতিহাসে কি তিনি সত্যিই কোনো ‘নজিরবিহীন’ ঘটনা দেখেননি? সমালোচকদের মতে, বিগত দেড় দশকে যখন বিরোধী দলের বিধায়কদের দলবদল করিয়ে বিধানসভার অন্দরে বিরোধী শিবিরকে কার্যত শূন্য করে দেওয়া হয়েছিল, কিংবা যখন বিরোধী দলনেতার কণ্ঠরোধ করার অভিযোগ উঠত—তখন তো শোভনদেব বাবুর মুখে “এমন অবস্থা কোনও দিনও হয়নি” বলে কোনো আক্ষেপ শোনা যায়নি! আজ নিজের দলেরই ৫৮ জন বিধায়ক বিদ্রোহ করে চেয়ার কেড়ে নেওয়ায় তাঁর সংসদীয় প্রথার কথা মনে পড়ল কেন?—এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে। ওয়াকিবহাল মহলের মতে, শোভনদেব চট্টোপাধ্যায় আজ আদালতের রায়কে ‘ন্যায়সঙ্গত’ বলে যেভাবে উচ্ছ্বাস প্রকাশ করছেন, তাতে একটি রূঢ় বাস্তব আড়াল হয়ে যাচ্ছে। বাস্তবটা হলো—তৃণমূলের ৮০ জন বিধায়কের মধ্যে ৫৮ জনই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে শোভনদেব চট্টোপাধ্যায়ের নেতৃত্ব প্রত্যাখ্যান করেছিলেন। বিশ্লেষকদের কটাক্ষ, যে প্রবীণ নেতা নিজের দলের সিংহভাগ বিধায়কেরই আস্থা ধরে রাখতে পারেন না, কেবল দলের শীর্ষ নেতৃত্বের চিঠির জোরে এবং আদালতের আইনি মারপ্যাঁচে বিরোধী দলনেতার চেয়ার ফিরে পাওয়ার স্বপ্ন দেখেন—তাঁর মুখে গণতন্ত্রের পাঠ কতটা মানায়, তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। সমালোচকদের আরও একটি তীক্ষ্ণ পর্যবেক্ষণ হলো—কলকাতা হাইকোর্ট কিন্তু আজ শোভনদেব চট্টোপাধ্যায়কে সরাসরি বিরোধী দলনেতা ঘোষণা করেনি। আদালত কেবল স্পিকারের আগের সিদ্ধান্ত বাতিল করে আগামী ১০ দিনের মধ্যে বিষয়টি পুনর্বিবেচনা করতে বলেছে। ফলে স্পিকার রথীন্দ্র বসু আগামী ১০ দিনে কী সিদ্ধান্ত নেন, তা দেখার আগেই প্রবীণ এই নেতার অতি-উৎসাহ আদতে নিজের অসহায়তাকেই ঢেকে রাখার চেষ্টা কি না, সেই প্রশ্নও তুলছেন অনেকে।
আগামী ৪ ডিসেম্বর থেকে বিধানসভার শীতকালীন অধিবেশন শুরু হওয়ার কথা। তার আগে আদালতের বেঁধে দেওয়া ১০ দিনের সময়সীমার মধ্যে স্পিকার রথীন্দ্র বসু নতুন কী পদক্ষেপ নেন, সেটাই এখন দেখার। তবে সাধারণ মানুষের মনে প্রশ্ন একটাই—রাজ্যের মানুষের দাবি-দাওয়া নিয়ে বিধানসভায় লড়াই করার বদলে, ৯১ সাল থেকে বিধানসভায় থাকা প্রবীণ নেতারা যদি কেবল নিজেদের চেয়ার আর পদের হিসাব মেলাতেই ব্যস্ত থাকেন, তবে প্রকৃত বিরোধী দলের ভূমিকা পালন করবে কে? উত্তর দেবে সময়।
