Site icon প্রিয় বন্ধু মিডিয়া

টাকা চাইতেই ফ্ল্যাটে আটকে রাজমিস্ত্রিকে বেধড়ক মারধর! অভিনেতা সোহমের বিরুদ্ধে বেহালা থানায় এফআইআর!

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-টলিউড অভিনেতা তথা প্রাক্তন তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে এবার নিজের ফ্ল্যাটে আটকে রেখে এক রাজমিস্ত্রিকে বেধড়ক মারধর, গালিগালাজ এবং মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠল। বকেয়া পারিশ্রমিক চাইতে গেলে অভিনেতার বাড়িতে তাঁকে শারীরিক নির্যাতন করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় আজ, মঙ্গলবার (২৫ আগস্ট ২০২৬) কলকাতার বেহালা থানায় অভিনেতা এবং তাঁর দেহরক্ষীর বিরুদ্ধে একটি লিখিত এফআইআর (FIR) দায়ের করেছেন আক্রান্ত রাজমিস্ত্রি।

পুলিশের কাছে দায়ের করা লিখিত অভিযোগে উত্তর ২৪ পরগনার বসিরহাটের বাসিন্দা তথা পেশায় রাজমিস্ত্রি রাজকুমার শর্মা জানিয়েছেন, গত মে মাসে সোহম চক্রবর্তীর বেহালার ফ্ল্যাটে একটি ঘরের ফলস সিলিং ও মার্বেলের কাজ পেয়েছিলেন তিনি। মোট ৫৫ হাজার টাকার চুক্তি হলে অগ্রিম বাবদ তাঁকে ৩০ হাজার টাকা দেওয়া হয়েছিল। সেই কাজ শেষ হওয়ার পর অভিনেতার পক্ষ থেকে তাঁকে আরও কিছু মেরামতির কাজ দেওয়া হয়। রাজকুমারের দাবি, সেই কাজও তিনি সম্পূর্ণ শেষ করে ফেলেন। কিন্তু দীর্ঘ সাড়ে তিন মাস ধরে বাকি পাওনা টাকার জন্য বারবার অনুরোধ করা সত্ত্বেও তাঁকে “আজ দেব, কাল দেব” বলে ঘোরানো হচ্ছিল।

অভিযোগপত্রে রাজকুমার শর্মা জানিয়েছেন, গত রবিবার সোহম চক্রবর্তীর এক নিরাপত্তারক্ষী তাঁকে ফোন করে বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার নাম করে সোমবার ফ্ল্যাটে ডেকে পাঠান। সেই মতো সোমবার তিনি অভিনেতার বেহালার আবাসনে যান। সেখানে তাঁকে দীর্ঘক্ষণ বসিয়ে রাখা হয়। পরবর্তীতে পাওনা বকেয়া ৭৯ হাজার টাকা চাইতেই আচমকা রুদ্রমূর্তি ধারণ করেন অভিনেতা। রাজকুমারের অভিযোগ, টাকা দেওয়া তো দূরস্ত, উল্টে তাঁকে চরম গালিগালাজ করে মারধর শুরু করেন সোহম চক্রবর্তী। এই মারধরের ঘটনায় অভিনেতার দেহরক্ষী তোতন সর্দারের নামও উল্লেখ করা হয়েছে। অভিযোগ, মারধরের পাশাপাশি রাজকুমারের মোবাইল ফোনটি জোরপূর্বক ছিনিয়ে নেওয়া হয় এবং তাঁকে প্রায় দেড় ঘণ্টা ঘরের ভেতর আটকে রেখে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

আবাসন থেকে কোনোমতে বেরিয়ে আজ মঙ্গলবার সোজা বেহালা থানার দ্বারস্থ হন আক্রান্ত ওই মিস্ত্রি। তাঁর লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিনেতা সোহম চক্রবর্তী এবং তাঁর দেহরক্ষীর বিরুদ্ধে গালিগালাজ, মারধর, আটকে রাখা ও চুরির ধারায় এফআইআর (FIR) দায়ের করে ঘটনার তদন্ত শুরু করেছে। উল্লেখ্য, এর আগেও চণ্ডীপুরের বিধায়ক থাকাকালীন নিউটাউনের এক রেস্তোরাঁ মালিককে মারধর এবং পরবর্তীতে এক চলচ্চিত্র প্রযোজকের থেকে ১ কোটি ৫ লক্ষ টাকা অভিযোগে চারু মার্কেট থানায় সোহমের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল। নতুন করে এই মারধরের অভিযোগের বিষয়ে অভিনেতার প্রতিক্রিয়া জানতে যোগাযোগ করা হলে, এই প্রতিবেদন প্রকাশ পাওয়া পর্যন্ত তাঁর বা তাঁর টিমের তরফ থেকে কোনো আনুষ্ঠানিক জবাব মেলেনি।

Exit mobile version