প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-জ্বালানি সাশ্রয়, সুস্বাস্থ্য রক্ষা এবং পরিবেশ দূষণ রোধে এক অনন্য নজির সৃষ্টি করলেন পশ্চিমবঙ্গের নবনিযুক্ত ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রী ড. ইন্দ্রনীল খান। ২৪ জুন, ২০২৬ (বুধবার) তিনি নিজের বিলাসবহুল সরকারি চার চাকা গাড়ি ও মন্ত্রীদের চেনা কনভয় সংস্কৃতি দূরে সরিয়ে রেখে নেতাজি ইনডোর স্টেডিয়াম থেকে সাধারণ মানুষের মতো সাইকেল চালিয়ে বিধানসভা ভবনে উপস্থিত হন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জ্বালানি সাশ্রয়ের দেশব্যাপী আহ্বানে সাড়া দিয়ে এবং ‘ফিট ইন্ডিয়া’ আন্দোলনের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতেই ক্রীড়ামন্ত্রীর এই অভিনব উদ্যোগ। মন্ত্রীদের চেনা ভিআইপি কালচার এবং বড় গাড়ির বহর এড়িয়ে এভাবে একজন ক্যাবিনেট মন্ত্রীর সাধারণ সাইকেলে চেপে বিধানসভায় আসায় স্বাভাবিকভাবেই শোরগোল পড়ে গেছে রাজনৈতিক ও সামাজিক মহলে। অনেকেই তাঁর এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন।
বিধানসভা চত্বরে দাঁড়িয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী ইন্দ্রনীল খান বলেন, “সাইকেল চালানো এমন একটি ভালো অভ্যাস যা আমাদের প্রত্যেকের নিয়মিত অনুশীলন করা উচিত। দৈনন্দিন জীবনে আমরা বাড়ি থেকে কাছাকাছি কোনো বাজার, ক্লাব কিংবা মেট্রো স্টেশনের মতো অল্প দূরত্বের যাতায়াতের জন্য চার চাকার গাড়ি বা মোটরবাইক ব্যবহার করি। এই ছোট দূরত্বের জন্য যদি আমরা গাড়ির বদলে সাইকেলকে প্রধান ভরসা করি, তবে বিপুল পরিমাণ জীবাশ্ম জ্বালানি বাঁচানো সম্ভব।” তিনি আরও যোগ করেন, “সাইকেল চালানো শুধু পরিবেশ-বান্ধবই নয়, এটি আমাদের শরীরের ফিটনেস ধরে রাখতে এবং শরীরকে সুস্থ-সবল রাখতে অত্যন্ত প্রয়োজনীয়। পরিবেশ রক্ষা ও দেশের জ্বালানি বাঁচাতে আমাদের সবাইকে সচেতন হতে হবে।”
পরিবেশবিদ এবং সাধারণ নাগরিকরা মন্ত্রীর এই উদ্যোগকে অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছেন। তাঁদের মতে, রাজপথের চেনা ভিআইপি সংস্কৃতি বদলে যখন একজন জনপ্রতিনিধি নিজে প্যাডেল করে রাস্তায় নামেন, তা সাধারণ মানুষকে দূষণমুক্ত পরিবেশ গড়তে এবং সুস্থ জীবনধারা বেছে নিতে ব্যাপকভাবে অনুপ্রাণিত করবে।
