Site icon প্রিয় বন্ধু মিডিয়া

দিল্লির মসনদে বাংলার মেগা টুইস্ট! অমিত শাহের সঙ্গে বৈঠকের পর সংসদে নতুন ঘর পেলেন সুদীপরা!

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-২০ জুলাই থেকে শুরু হতে চলা সংসদের বাদল অধিবেশনের আগেই দিল্লির বুকে ঘটে গেল এক নজিরবিহীন নাটকীয় মোড়। এবার লোকসভায় ‘ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া’ বা এনসিপিআই (NCPI) দলের সংসদীয় দলনেতা হতে চলেছেন প্রবীণ রাজনীতিক সুদীপ বন্দ্যোপাধ্যায়। সোমবার বিকেলে জাতীয় রাজধানীতে লোকসভার স্পিকার ওম বিড়লা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে এক দফায় হাই-ভোল্টেজ বৈঠক সারেন সুদীপ বন্দ্যোপাধ্যায় ও বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। আর এই বৈঠকের পরেই নতুন সংসদ ভবনে দলবদলকারী এই সাংসদদের বসার জন্য পৃথক আসন ও আলাদা কার্যালয়ের ব্যবস্থা চূড়ান্ত হয়েছে।

তৃণমূল কংগ্রেস থেকে আইনি জটিলতা ও দলত্যাগ বিরোধী আইন এড়াতে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার আইনি ঢাল ব্যবহার করে এই সাংসদরা এনসিপিআই-তে যোগ দিয়েছিলেন। এবার নতুন এই দলেই নিজেদের পুরনো সংসদীয় পদগুলি তাঁরা ফিরে পাচ্ছেন। লোকসভার সংসদীয় দলনেতা: সুদীপ বন্দ্যোপাধ্যায় মুখ্য সচেতক (Chief Whip): কাকলি ঘোষ দস্তিদার
উপদলনেতা (Deputy Leader): শতাব্দী রায়।

স্পিকার ওম বিড়লার সঙ্গে বৈঠকের পর সুদীপ বন্দ্যোপাধ্যায় নিজেই সংবাদমাধ্যমকে জানান, “গতকাল আমি আর কাকলি ওম বিড়লার সঙ্গে দেখা করেছি। স্পিকার আমাদের জন্য ঘর বরাদ্দ করেছেন।” এর ফলে এই প্রথমবার লোকসভায় একটি সম্পূর্ণ পৃথক এবং স্বতন্ত্র রাজনৈতিক দল হিসেবে বসার ও নিজস্ব অফিস ব্যবহারের সুযোগ পাচ্ছে এনসিপিআই।

আগামী ২০ জুলাই থেকে সংসদের হাই-প্রোফাইল বাদল অধিবেশন শুরু হচ্ছে। তার ঠিক আগের দিন, অর্থাৎ ১৯ জুলাই স্পিকার ওম বিড়লা এনসিপিআই-এর ২০ জন সাংসদকে একসঙ্গে ডেকে পাঠিয়েছেন। সেই বৈঠকেই লোকসভায় তাঁদের নতুন আসন বণ্টন ও অন্যান্য সংসদীয় প্রক্রিয়া চূড়ান্ত করা হবে। ওই দিনই কেন্দ্রের ডাকা সর্বদলীয় বৈঠকেও যোগ দেবে এই নতুন রাজনৈতিক অক্ষ।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক প্রসঙ্গে সুদীপ বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে জানিয়েছেন, এনসিপিআই বিজেপির নেতৃত্বাধীন এনডিএ (NDA) জোটের শরিক হিসেবে কাজ করলেও নিজেদের ধর্মনিরপেক্ষ নীতি ও আদর্শ মেনেই চলবে। এই মুহূর্তে তাঁদের ২০ জনের দলে ৩ জন সংখ্যালঘু সাংসদ রয়েছেন, যা এনডিএ জোটের অন্য শরিকদের তুলনায় বেশ তাৎপর্যপূর্ণ। জানা গেছে, বাদল অধিবেশন শুরুর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও এই গোষ্ঠীর একটি পৃথক সৌজন্য সাক্ষাৎকার হতে পারে।

Exit mobile version