প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-কলকাতা ও হাওড়া পুরসভার আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে পারদ চড়তে শুরু করেছে। এরই মধ্যে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বেনজির ভাষায় আক্রমণ শানালেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। এদিন কলকাতা ও হাওড়া পুরভোটের প্রস্তুতি নিয়ে আয়োজিত একটি দলীয় বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই বিস্ফোরক মন্তব্য করেন তিনি। নির্বাচনে বিজেপি কতটা শক্তিশালী ফল করতে পারে, তা নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করতে গিয়ে সুকান্ত মজুমদার সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন। তিনি সাফ জানান, অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে আসন্ন পুরভোটে প্রার্থী হলেও তাঁকে হারানোর জন্য বিজেপি সম্পূর্ণ প্রস্তুত।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গে বলতে গিয়ে লোকনাথ বাবার বিখ্যাত বাণীর আদলে হুঙ্কার দিয়ে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলেন,”যে ভোটেই দাঁড়ান না কেন, ওনাকে হারানোর জন্য আমরা রেডি হয়ে আছি। উনি যেখানেই দাঁড়াবেন, রণে-বনে-জলে-জঙ্গলে আমরা সেখানেই যাব হারানোর জন্য, চিন্তা নেই।”
বিগত নির্বাচনগুলির পরিসংখ্যান টেনে সুকান্ত মজুমদার দাবি করেন, এর আগের পুরভোটে কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ডের মধ্যে ১০১টি আসনে বিজেপি এগিয়ে ছিল। তবে এবার সীমানা বা ওয়ার্ড পুনর্বিন্যাসের (Delimitation) পর পরিস্থিতি আরও অনুকূল। পরিবর্তিত রাজনৈতিক আবহে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এবার কলকাতা পুরসভার ১৫০টিরও বেশি ওয়ার্ডে জয় লাভ করার লক্ষ্যমাত্রা স্থির করেছে। তিনি আরও যোগ করেন, “পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূল কংগ্রেসকে ছুঁড়ে ফেলে দিয়েছে। এবার পুরভোটে মানুষ ব্যালটে জবাব দেবে।” এর পাশাপাশি তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরদের একাংশের বিরুদ্ধে বিজেপি দুর্নীতি সংক্রান্ত চার্জশিট আনবে বলেও সুকান্ত বাবু হুঁশিয়ারি দেন। ভোট ঘোষণার আগে থেকেই সুকান্ত মজুমদারের এই “রণে-বনে-জলে-জঙ্গলে” তাড়া করার বার্তা বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং এটি যে শাসক ও বিরোধী শিবিরের বাগযুদ্ধকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিল, তা বলাই বাহুল্য।
