প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-রাজ্যে সরকার গড়ার ছয় মাস পরেও কি বঙ্গ বিজেপির সাংগঠনিক শৃঙ্খলা রক্ষার জন্য দিল্লির শীর্ষ নেতৃত্বের ওপরই নির্ভর করতে হচ্ছে? শুক্রবার সল্টলেকে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুনীল বনসলের রুদ্ধদ্বার বৈঠকের পর রাজ্য রাজনীতির অলিন্দে ঠিক এই প্রশ্নটাই ঘুরপাক খাচ্ছে। দলের বৈঠকে জনপ্রতিনিধিদের অনুপস্থিতি, নির্দেশ অমান্য করা এবং নিচুতলার গা-ছাড়া মনোভাব রুখতে যেভাবে কেন্দ্রীয় পর্যবেক্ষককে আসরে নেমে কঠোর শাস্তির হুঁশিয়ারি দিতে হলো, তা রাজ্য নেতৃত্বের প্রশাসনিক ও সাংগঠনিক নিয়ন্ত্রণ নিয়েই পরোক্ষভাবে প্রশ্ন তুলে দিয়েছে।
শুক্রবার সল্টলেকের বৈঠকে সুনীল বনসল স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, দলের কোনো কর্মসূচি বা বৈঠকে জনপ্রতিনিধিরা নিজেদের বদলে প্রতিনিধি পাঠাতে পারবেন না এবং দলীয় অনুশাসন ভাঙলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। একইসঙ্গে আগামী ১ ডিসেম্বর থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত ‘সেবাদূত’ কর্মসূচির মাধ্যমে নেতাদের নিজের এলাকার বাইরে গিয়ে জনসংযোগ করার রূপরেখাও ঠিক করে দেন তিনি। অর্থাৎ, সাংগঠনিক শৃঙ্খলা ফেরানো থেকে শুরু করে জনসংযোগের কর্মসূচি—সবকিছুরই চাবিকাঠি যে এখনো কেন্দ্রীয় নেতৃত্বের হাতেই রয়েছে, তা এদিন আরও একবার স্পষ্ট হয়ে গেল।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মে মাসে রাজ্যে পালাবদলের পর রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য ও প্রথম সারির রাজ্য নেতাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল সরকার ও সংগঠনের মধ্যে ভারসাম্য বজায় রাখা। কিন্তু পর্যবেক্ষকদের একাংশের মতে, গত ছয় মাসে সেই ভারসাম্যে বেশ কিছু চিড় ধরেছে। সরকার গঠনের পর অনেক বিধায়ক ও স্থানীয় নেতা নিজেদের ‘ক্ষমতাশালী’ ভাবতে শুরু করেছেন। রাজ্য নেতৃত্বের তরফে এর আগে বারবার সতর্ক করা হলেও, বাস্তবে কোনো দৃষ্টান্তমূলক পদক্ষেপ না নেওয়ায় নিচুতলায় শৃঙ্খলার বাঁধন আলগা হয়েছে। বিভিন্ন জেলায় যেভাবে শাসক দলে যোগদানের হিড়িক পড়েছে, তা সামাল দিতে গিয়ে রাজ্য নেতৃত্বকে হিমশিম খেতে হচ্ছে। ফলে দলের নিজস্ব অনুশাসন বজায় রাখার বিষয়টি কিছুটা ব্যাকফুটে চলে গিয়েছিল।
দলীয় শুভানুধ্যায়ী মহলের মতে, সুনীল বনসলের মতো দক্ষ সংগঠক সময়মতো রাশ টেনে ধরে দলের উপকারই করেছেন। তবে বঙ্গ বিজেপির দীর্ঘমেয়াদী স্বার্থের কথা মাথায় রেখে বিশ্লেষকরা মনে করছেন, প্রতিটি ছোট-বড় সাংগঠনিক বিশৃঙ্খলা সামাল দিতে যদি কেন্দ্রীয় পর্যবেক্ষককে কলকাতায় ছুটে আসতে হয়, তবে রাজ্য নেতৃত্বের নিজস্ব কর্তৃত্ব ও গ্রহণযোগ্যতায় টান পড়তে বাধ্য। সরকার চালানোর পাশাপাশি রাজ্য স্তরের নেতাদেরও যে কঠোর হাতে সংগঠন সামলানোর ক্ষমতা দেখাতে হবে, শুক্রবারের বৈঠক সেই বার্তাই দিয়ে গেল।
