Site icon প্রিয় বন্ধু মিডিয়া

মেট্রো বন্ধের আদালত অবমাননা মামলা: সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ শুনানি পিছিয়ে গেল বৃহস্পতিবার পর্যন্ত!

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-দিল্লিতে ককরোচ জনতা পার্টি (CJP)-র গণআন্দোলন এবং তার জেরে রাজধানীর মেট্রো ও গণপরিবহন স্তব্ধ হওয়া সংক্রান্ত সমস্ত মামলার শুনানি পিছিয়ে গেল। আজ, মঙ্গলবার দেশের সর্বোচ্চ আদালতে এই হাইপ্রোফাইল মামলার শুনানি হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়েছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনা-র বিশেষ বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে, আগামী ১৫ অক্টোবর (বৃহস্পতিবার) এই সংক্রান্ত সমস্ত মামলার একত্রে শুনানি করা হবে। আজ মামলার শুরুতেই প্রধান বিচারপতি সূর্য কান্ত জানান যে, বিশেষ বেঞ্চের অন্যতম সদস্য বিচারপতি ভি মোহনা শারীরিকভাবে অসুস্থ (Indisposed)। শারীরিক অসুস্থতা সত্ত্বেও তিনি আজ আদালতের কার্যক্রমে যোগ দিয়েছিলেন। তবে তাঁর শারীরিক অবস্থার কথা বিবেচনা করে কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা শুনানি স্থগিত রাখার অনুরোধ জানান। আদালত সেই আবেদন মঞ্জুর করে আগামী বৃহস্পতিবার শুনানির পরবর্তী দিন ধার্য করেছে।

গত ১০ অক্টোবর প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে এক বিশাল সমাবেশের ডাক দিয়েছিল সিজেপি (CJP)। সেই বিক্ষোভের ঠিক আগের দিন, অর্থাৎ ৯ অক্টোবর সুপ্রিম কোর্ট এক নির্দেশে জানিয়েছিল যে, আন্দোলনের সুরক্ষাকবচ হিসেবে দিল্লির মেট্রো বা রেল পরিষেবা সম্পূর্ণ স্তব্ধ করে সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলা যাবে না। কিন্তু আদালতের সেই স্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও ১০ অক্টোবর দিল্লির প্রায় ৫৭টি মেট্রো স্টেশন এবং একাধিক দূরপাল্লার ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হয়। দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশকে এভাবে অমান্য করায় ক্ষুব্ধ হয়ে আইনজীবী শৈলেন্দ্র মণি ত্রিপাঠী কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে আদালত অবমাননার (Contempt of Court) গুরুতর মামলা দায়ের করেন।

১০ অক্টোবরের আন্দোলনকে কেন্দ্র করে দিল্লি পুলিশের ব্যাপক ধরপাকড়, ইন্টারনেট শাটডাউন এবং বিরোধী ও যুবনেতাদের বেআইনিভাবে আটকে রাখার প্রতিবাদে সুপ্রিম কোর্টে ইতিমধ্যেই একাধিক পিটিশন ও হেবিয়াজ কর্পাস মামলা দায়ের হয়েছে। আজ শুনানির শুরুতে আবেদনকারী পক্ষের আইনজীবীরা দাবি তোলেন, যেহেতু প্রতিটি ঘটনাই ১০ অক্টোবরের বিক্ষোভের সঙ্গে যুক্ত, তাই সমস্ত পিটিশনকে আলাদাভাবে না দেখে একযোগে শোনা হোক। আদালত এই দাবিতে সম্মতি দিয়ে জানিয়েছে, বৃহস্পতিবার সমস্ত মূল মামলার পাশাপাশি নতুন দায়ের হওয়া পিটিশন গুলোরও যৌথ শুনানি হবে। অন্যদিকে কেন্দ্রের পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানিয়েছেন, মেট্রো চলাচল বন্ধের কারণ ব্যাখ্যা করে সরকারের তরফ থেকে প্রয়োজনীয় হলফনামা (Affidavit) তৈরি রাখা হয়েছে। ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে দিল্লির যন্টার মন্তরে শুরু হওয়া এই আন্দোলনকে কেন্দ্র করে সুপ্রিম কোর্ট আগামী বৃহস্পতিবার কী চূড়ান্ত নির্দেশ দেয়, এখন সেদিকেই নজর দেশের রাজনৈতিক ও আইনি মহলের।

Exit mobile version