প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
আজ গোটা দেশের নজর রয়েছে সুপ্রিম কোর্টের দিকে। কারণ সেখানে এসআইআর সংক্রান্ত যে মামলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, সেই মামলায় তিনি নিজেই সওয়াল করতে পারেন বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই তিনি সুপ্রিম কোর্টে পৌঁছে গিয়েছেন। তবে এই মুহূর্তে পাওয়া সবথেকে গুরুত্বপূর্ণ খবর হচ্ছে, প্রধান বিচারপতির এজলাস বসে যাওয়ার পর শুনানিতে অগ্রাধিকার তালিকায় মুখ্যমন্ত্রীর মামলাটি নেই। স্বাভাবিকভাবেই বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, তাহলে কি আজ আদৌ হবে মুখ্যমন্ত্রীর এই মামলার শুনানি? আর হলেও তা কখন হতে পারে?
বলা বাহুল্য, সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রী এসআইআর সংক্রান্ত একটি মামলা করেছেন। গতকাল থেকেই তৃণমূলের বিভিন্ন সোশ্যাল মিডিয়া পেজ থেকে বলা হচ্ছে যে, আজ ঐতিহাসিক কিছু হতে চলেছে। মুখ্যমন্ত্রী নিজেই সওয়াল করবেন। স্বাভাবিকভাবেই সকলের নজর রয়েছে সেই দিকে যে, মুখ্যমন্ত্রী আইনজীবী হিসেবে নিজের মামলায় কি কি বক্তব্য রাখেন! আদৌ তিনি নিজে সওয়াল করবেন, নাকি অন্যান্য আইনজীবীরা সওয়াল করবেন? তাও লক্ষণীয় বিষয়। প্রথমে খবর পাওয়া গিয়েছিল যে, মুখ্যমন্ত্রীর করা মামলাটি শুনানি ক্রমে এগিয়ে আসতে পারে। কিন্তু এখন যে খবর পাওয়া যাচ্ছে, তাতে আদৌ কখন উঠবে মুখ্যমন্ত্রীর করা এসআইআর সংক্রান্ত মামলা, সেটা নিয়েই তৈরি হয়েছে গুঞ্জন।
সূত্রের খবর, ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে পৌঁছে গিয়েছেন। তবে সকাল সাড়ে দশটায় মুখ্যমন্ত্রীর মামলাটি ৩৭ নম্বরে ছিল। তবে তালিকার এত পেছনে থাকায় কখন এই শুনানি হবে, তা নিয়েই একটা ধোঁয়াশা তৈরি হয়েছিল। কিন্তু সেই সময় অগ্রাধিকারের ভিত্তিতে শুনানির কথা জানানো হয়েছিল। তবে প্রধান বিচারপতির এজলাস শুরু হওয়ার পর আপাতত মুখ্যমন্ত্রীর মামলা অগ্রাধিকারের তালিকায় নেই। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে, তাহলে কি লাভের লাভ কিছুই হলো না? নাকি দেরিতে হলেও আজ মুখ্যমন্ত্রীর মামলা উঠতে পারে? সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।
