Site icon প্রিয় বন্ধু মিডিয়া

সুপ্রিম নির্দেশের পরেও বকেয়া DA না দিলে বেনজির আন্দোলন! রাজ্যকে চরম হুঁশিয়ারি ভাস্করের!

 

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- অবশেষে আজ সুপ্রিম কোর্ট একটি বড় রায়দান করেছে। যেখানে বকেয়া মহার্ঘ ভাতা মামলায় রাজ্য সরকারি কর্মচারীদের আন্দোলনের জয় হয়েছে। পাশাপাশি চাপে পড়ে গিয়েছে রাজ্য সরকার। এখন তাদের বকেয়া ২৫ শতাংশ মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়া ছাড়া যে আর কোনো উপায় নেই, তা বলার অপেক্ষা রাখে না। তবে এর আগেও একবার প্রাথমিক রায়দানে সুপ্রিম কোর্ট এই বকেয়া ২৫ শতাংশ মহার্ঘ ভাতা রাজ্যকে মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিলো। কিন্তু তারপর রাজ্য সেই নির্দেশ পালন করেনি। ফলে এবার চূড়ান্ত রায়দান আসার পরেও কি রাজ্য কোনো কৌশল অবলম্বন করে গোটা বিষয়টি এড়িয়ে যাবে, তা নিয়ে বিভিন্ন মহলে চর্চা চলছে। তবে এবার যদি এই সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও রাজ্য তা প্রয়োগ না করে, তাহলে যে বেনজির আন্দোলনের মুখোমুখি হতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে, রায় সামনে আসার পরেই তা স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ।

প্রসঙ্গত, বর্তমানে এই রাজ্যের যা অর্থনৈতিক পরিস্থিতি, তাতে তারা কি করে সুপ্রিম কোর্টের এই নির্দেশ পালন করে বকেয়া মহার্ঘভাতার ২৫ শতাংশ দেবে, তা নিয়ে বিভিন্ন মহলে গুঞ্জন চলছে। তবে এতদিন বিভিন্ন কৌশল করে রাজ্য এই প্রক্রিয়া এড়িয়ে গিয়েছে। কিন্তু চূড়ান্ত রায় চলে আসার পর তাদের কাছে আর কোনো পালানোর পথ নেই, এটা স্পষ্ট হয়ে গিয়েছে। মহার্ঘ ভাতা যে সরকারি কর্মচারীদের অধিকারের মধ্যে পড়ে, সেটাও স্পষ্ট হয়ে গিয়েছে সকলের কাছে। যার ফলে বিধানসভা নির্বাচনের আগে রীতিমত বিপদের মুখে পড়ে গিয়েছে এই রাজ্যের তৃণমূল সরকার। আগামী ৩১ মার্চের মধ্যে তাদের বকেয়া মহার্ঘ ভাতার ২৫ শতাংশ মিটিয়ে দিতে হবে। আর বাকি ৭৫ শতাংশ কিভাবে দেওয়া যাবে, তা নিয়ে চার সদস্যের কমিটি করার নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত। আর এই পরিস্থিতিতে এই রায় সামনে আসার পর দীর্ঘদিন ধরে এই আন্দোলনের সামনে সারিতে দাঁড়িয়ে যারা নেতৃত্ব দিয়েছেন, সেই সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা অত্যন্ত খুশি। তারা এই জয় সরকারী কর্মচারীদের অধিকারের জয় বলে সম্বোধিত করছেন। পাশাপাশি রাজ্য সরকার যদি এরপরেও এই বকেয়া মহার্ঘ ভাতা না মিটিয়ে দেয়, তাহলে যে বড়সড় আন্দোলনের রাস্তায় হাঁটবেন তারা, সাংবাদিক বৈঠক করে তা জানিয়ে দিলেন ভাস্কর ঘোষ।

এদিন সুপ্রিম কোর্টের এই নির্দেশ আসার পরেই উচ্ছ্বসিত হয়ে পড়েন সরকারি কর্মচারীরা। সাংবাদিকদের মুখোমুখি হন সংগ্রামী যৌথ মঞ্চের ভাস্কর ঘোষ। তিনি বলেন, “পঞ্চম পে কমিশনের মহার্ঘ ভাতা নিয়ে আমাদের লড়াই। ২৫ শতাংশ মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্য সরকার যদি এই রায় না মানে, তাহলে আমরা বড়সড় আন্দোলনে নামব। বাকি ৭৫ শতাংশ মহার্ঘ ভাতার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটি রাজ্যের অর্থ স্বাস্থ্য খতিয়ে দেখে আগামী ১৫ মে রিপোর্ট দেবে। সেই দিন বাকি ৭৫ শতাংশ কবে দিতে হবে, তা নিয়ে শুনানি হবে।” সব মিলিয়ে সুপ্রিম নির্দেশের পর রীতিমত উচ্ছ্বসিত হয়ে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে ভাস্কর ঘোষ যে হুঁশিয়ারি দিলেন, তাতে রাজ্য এবার সুপ্রিম নির্দেশ মেনে কবে এই বকেয়া মহার্ঘ ভাতার ২৫ শতাংশ মিটিয়ে দেয়, সেদিকেই নজর থাকবে সকলের।

Exit mobile version