Site icon প্রিয় বন্ধু মিডিয়া

সুরুচিতে ‘বিশ্বাস-রাজ’ অবসান? অরূপ-স্বরূপকে বাদ দিয়ে নতুন কমিটির হাতে নিউ আলিপুরের পুজো!

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-কলকাতার দুর্গাপূজার অন্যতম হাইপ্রোফাইল কেন্দ্র নিউ আলিপুরের ‘সুরুচি সঙ্ঘ’ নিয়ে বড়সড় মোড়। গত কয়েক দশক ধরে যে পুজোকে শহরবাসী ‘বিশ্বাস ব্রাদার্স’-এর পুজো বলে চিনত, সেই সুরুচি সঙ্ঘের পুজো কমিটি থেকে এবার সম্পূর্ণ বাদ পড়লেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস এবং তাঁর ভাই স্বরূপ বিশ্বাস। সাম্প্রতিক আইনি জটিলতা এবং গণবিক্ষোভের জেরে অবশেষে খোলনলচে বদলে ফেলা হলো এই ঐতিহ্যবাহী ক্লাবের পুজো কমিটি।

সূত্রের খবর, বিশ্বাস ভাইদের একাধিপত্যের অবসান ঘটিয়ে সুরুচি সঙ্ঘের দুর্গাপূজা পরিচালনার জন্য একটি সম্পূর্ণ নতুন কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই পুজো কমিটির গুরুত্বপূর্ণ পদে এসেছেন নতুন মুখেরা। পুজো কমিটির নতুন সেক্রেটারি বা সম্পাদকের দায়িত্বভার তুলে দেওয়া হয়েছে সৌরভ সিকদার-এর হাতে। কমিটির নতুন প্রধান পৃষ্ঠপোষক হিসেবে যুক্ত হয়েছেন বিল্বদল ভট্টাচার্য।

চলতি বছরের জুন মাসের শুরু থেকেই সুরুচি সঙ্ঘকে ঘিরে একের পর এক বিতর্ক দানা বাঁধছিল। শ্লীলতাহানি, তোলাবাজি ও দুর্নীতির মতো একাধিক অ-জামিনযোগ্য গুরুতর অভিযোগে পুলিশ স্বরূপ বিশ্বাসকে গ্রেফতার করার পরই সুরুচির রাশ আলগা হতে শুরু করে।স্বরূপের গ্রেফতারির পর স্থানীয় বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন এবং ক্লাবের তালা ভেঙে ভেতরে ঢোকেন। সাধারণ একটি ক্লাবের ভেতর রাজার হালে থাকার এসি বেডরুম ও বিপুল পরিমাণ ভোটার তালিকা মেলায় সাধারণ মানুষের ক্ষোভ চরম আকার ধারণ করে। পরিস্থিতি সামলাতে সুরুচি সঙ্ঘে কেন্দ্রীয় বাহিনীও মোতায়েন করতে হয়েছিল। মরার ওপর খাঁড়ার ঘায়ের মতো হাজির হয় লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন (LIC)-এর আইনি নোটিস। LIC-এর দাবি, সুরুচি সঙ্ঘ দীর্ঘ বছর ধরে তাদের প্রায় ২২-২৩ কাঠা জমি বেআইনিভাবে দখল করে পুজো করে আসছিল। আগামী ১৮ই জুলাইয়ের মধ্যে ওই জমি খালি করার আইনি সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।

এই বিপুল ডামাডোলের জেরে এই বছর সুরুচি সঙ্ঘের দুর্গাপূজা আদৌ হবে কি না, তা নিয়ে তীব্র অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে নতুন কমিটি গঠিত হওয়ায় পুজোপ্রেমীদের মনে কিছুটা আশার আলো দেখা যাচ্ছে। অন্যদিকে, ময়দানের ফুটবল মহলেও সুরুচি সঙ্ঘকে নিয়ে বিতর্ক চলছিল। আইএফএ (IFA) সভাপতি অনির্বাণ দত্ত অবশ্য জানিয়েছেন, ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব এবারের কলকাতা লিগে অংশ না নিলেও, অরূপ বিশ্বাসের ক্লাব সুরুচি সঙ্ঘ লিগে খেলবে। সব মিলিয়ে, রাজনৈতিক দাপট ও আইনি জট কাটিয়ে সুরুচি সঙ্ঘের পুজো নতুন কর্মকর্তাদের হাত ধরে কীভাবে ঘুরে দাঁড়ায়, এখন সেটাই দেখার।

Exit mobile version