Site icon প্রিয় বন্ধু মিডিয়া

বঙ্কিমচন্দ্রের পৈত্রিক ভিটেয় তৈরি হচ্ছে জাতীয় স্তরের ‘বন্দে মাতরম মিউজিয়াম’, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর!

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-সাহিত্য সম্রাট ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯তম জন্মবার্ষিকীতে রাজ্যবাসীকে এক ঐতিহাসিক উপহার দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কলকাতার কলেজ স্ট্রিটে বঙ্কিমচন্দ্রের স্মৃতিবিজড়িত পৈত্রিক বাসভবনটিকে একটি জাতীয় স্তরের ‘বন্দে মাতরম মিউজিয়াম’ বা সংগ্রহশালা হিসেবে গড়ে তোলার বড় ঘোষণা করলেন তিনি। গতকাল সকালে কলেজ স্ট্রিটের ওই পবিত্র বাসভবনে পৌঁছে বঙ্কিমচন্দ্রের প্রতিকৃতিতে মাল্যদান ও শ্রদ্ধা জ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী। রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি জানান, ‘বন্দে মাতরম’ সঙ্গীতের সার্ধশতবর্ষ (১৫০ বছর) উদযাপনের অংশ হিসেবেই এই যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানান, এই মিউজিয়াম তৈরির জন্য রাজ্য বাজেটে ইতিমধ্যেই প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করা হয়েছে। এই সংগ্রহশালাটি কেবল একটি ভবন হিসেবে থাকবে না, বরং এটি জাতীয় স্তরের একটি ঐতিহ্যবাহী কেন্দ্র হিসেবে গড়ে উঠবে। যেখানে বঙ্কিমচন্দ্রের সাহিত্যকীর্তি এবং আনন্দমঠ ও বন্দে মাতরমের মাধ্যমে ভারতের স্বাধীনতা আন্দোলনে বাংলার যে অবদান, তা ভবিষ্যৎ প্রজন্মের সামনে তুলে ধরা হবে।

বিগত সরকারের তীব্র সমালোচনা করে মুখ্যমন্ত্রী বলেন, এতদিন ধরে বাংলার মনীষী এবং জাতীয়তাবাদী আবেগ অবহেলিত ছিল। তোষণ ও পরিবারতন্ত্রের রাজনীতিতে ব্যস্ত থাকায় আগের সরকার বঙ্কিমচন্দ্র বা রবীন্দ্রনাথের মতো ব্যক্তিত্বদের যোগ্য সম্মান দেয়নি। তবে বঙ্গে এখন রাষ্ট্রবাদী সরকার কাজ করছে এবং ঋষি বঙ্কিমচন্দ্রের স্মৃতিবিজড়িত এই স্থানটির গরিমা ফিরিয়ে আনাই এই নতুন মিউজিয়াম প্রকল্পের মূল লক্ষ্য।

Exit mobile version