প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-“পশ্চিমবঙ্গে আর কোনো ‘শাসকের আইন’ বা ‘জঙ্গলরাজ’ চলতে দেওয়া হবে না। রাজ্যে এখন প্রকৃত ‘আইনের শাসন’ প্রতিষ্ঠিত হয়েছে এবং তা রক্ষা করার সম্পূর্ণ দায়িত্ব আমাদের সরকারের।” হাওড়ার বাগনানে নিহত বিজেপি কর্মী প্রশান্ত দে-র বাড়িতে গিয়ে আজ বিকেলে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এইভাবেই কড়া ও স্পষ্ট রাজনৈতিক বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
গত ১৭ জুন বাগনানের সন্তোষপুরে বিজেপি কর্মী খুনের ঘটনার পর থেকেই এলাকার আইন-শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠছিল। আজ বিকেলে নিহতের পরিবারের সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী রাজ্যবাসীকে আশ্বস্ত করে জানান, আইন নিজের হাতে তুলে নেওয়ার দিন শেষ। অপরাধী যে দলেরই হোক বা যত বড় প্রভাবশালীই হোক না কেন, নতুন ব্যবস্থায় কাউকেই রেয়াত করা হবে না।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এদিন কড়া ভাষায় বলেন, “আগে রাজনৈতিক স্বার্থে পুলিশকে ব্যবহার করে অপরাধীদের আড়াল করার যে সংস্কৃতি তৈরি হয়েছিল, তা আমরা পুরোপুরি বন্ধ করেছি। আইনের চোখে সবাই সমান। বাগনানের ঘটনায় ইতিমধ্যেই ১০ জনকে গ্রেফতার করা হয়েছে এবং বাকিদেরও খোঁজা হচ্ছে। পুলিশকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, কোনো রাজনৈতিক রঙ না দেখে নিরপেক্ষভাবে কাজ করতে হবে।” তিনি আরও যোগ করেন, “সাধারণ মানুষের নিরাপত্তা এবং রাজ্যে শান্তি বজায় রাখাই আমাদের সরকারের প্রধান অগ্রাধিকার। যারা আইন অমান্য করে নিজেদের বাহুবলী ভাবার চেষ্টা করছে, তাদের উদ্দেশ্যে আমার স্পষ্ট বার্তা—এদেরকে লাইনে আনার দায়িত্ব আমাদের এবং আমরা তা শক্ত হাতে করব।”
মুখ্যমন্ত্রীর এই কড়া রাজনৈতিক বার্তার পর ওয়াকিবহাল মহলের মতে, রাজ্যে অপরাধমূলক কাজ ও রাজনৈতিক হিংসা দমনে সরকার যে শূন্য সহনশীলতা (Zero Tolerance) নীতি নিয়ে চলছে, বাগনান থেকে শুভেন্দু অধিকারী আজ সেটাই পুনর্ব্যক্ত করলেন।
