Site icon প্রিয় বন্ধু মিডিয়া

লক্ষ্মীর ভাণ্ডারের ‘অনিয়ম’ রুখতে অন্নপূর্ণা ভাণ্ডারে কড়া স্ক্রুটিনি, ১ জুলাই থেকেই টাকা: ফলতায় দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর!

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-রাজ্যের মা-বোনেদের জন্য চালুকৃত ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্পে স্বচ্ছতা বজায় রাখতে এবং অতীতে হওয়া আর্থিক অনিয়মের অভিযোগ দূর করতে কড়া পদক্ষেপের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ ফলতার মেগা জনকল্যাণ শিবির থেকে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, পূর্বতন জমানায় ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার ক্ষেত্রে যে সমস্ত ভুয়ো উপভোক্তা ও বেনিয়মের অভিযোগ উঠেছিল, নতুন ব্যবস্থায় তা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। সেই কারণেই এই প্রকল্পে পুঙ্খানুপুঙ্খ ভেরিফিকেশনের নিয়ম আনা হয়েছে। মুখ্যমন্ত্রীর দাবি, তদন্ত ও প্রাথমিক স্ক্রুটিনি শুরু হতেই পূর্বতন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে প্রায় “৩০ লক্ষ ভুয়ো অ্যাকাউন্ট” এবং যোগ্যতাহীন উপভোক্তার নাম সামনে এসেছে। তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে জানান, দেশের বৈধ নাগরিক নন বা ভোটার তালিকা (SIR) থেকে স্থায়ীভাবে বাদ পড়া ব্যক্তিদের চিহ্নিত করে তালিকা থেকে পুরোপুরি বাদ দেওয়া হবে এবং কোনো ধরণের জালিয়াতি সহ্য করা হবে না।

শুভেন্দু অধিকারী ফলতার সভা থেকে বড় ঘোষণা করে জানান, ইতিমধ্যেই রাজ্য জুড়ে রেকর্ড ১ কোটি ৫ লক্ষ মানুষ এই নতুন প্রকল্পের জন্য আবেদন জানিয়েছেন। স্ক্রুটিনির কাজ দ্রুত গতিতে চলছে এবং ১ জুলাইয়ের মধ্যেই সমস্ত যোগ্য আবেদনকারীরা জুন মাসের বকেয়াসহ পুরো ৩,০০০ টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে (DBT) পেয়ে যাবেন।আবেদনকারীদের ফর্ম পূরণ নিয়ে আশ্বস্ত করে মুখ্যমন্ত্রী বলেন, অন্নপূর্ণা ভাণ্ডারের ১১-১২ পাতার বিস্তারিত ফর্ম পূরণ নিয়ে মা-বোনেদের কোনো দালালের চক্করে পড়ার প্রয়োজন নেই। সরকারি আধিকারিক ও কর্মীরা নিজেরাই বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষকে এই ফর্ম নির্ভুলভাবে পূরণে সরাসরি সহায়তা করবেন।

তবে সামাজিক শৃঙ্খলা ও উন্নয়ন বজায় রাখতে যে পরিবারগুলি সন্তানদের প্রয়োজনীয় সরকারি টিকাকরণ করাবে না কিংবা সরকারি/সরকার-পোষিত স্কুলে পাঠাবে না, তাদের এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্যতা পুনর্বিবেচনা করা হবে বলেও তিনি ইঙ্গিত দিয়েছেন। তবে আর্থিক অনিয়ম বা ভুয়ো অ্যাকাউন্টের এই অভিযোগ নিয়ে পূর্বতন শাসকদলের শীর্ষ নেতৃত্বের কোনো প্রতিক্রিয়া বা আনুষ্ঠানিক বক্তব্য এখনও পাওয়া যায়নি।

Exit mobile version