প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-টালিগঞ্জ স্টুডিওপাড়ার অচলাবস্থা কাটাতে এবং ফেডারেশন ও গিল্ডের যাবতীয় কাজকর্ম সুষ্ঠুভাবে পরিচালনা করতে এবার বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। বর্তমান প্রশাসনিক পরিস্থিতির কথা মাথায় রেখে রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরের তরফ থেকে গঠন করা হলো ১৯ জনের একটি উচ্চপর্যায়ের নতুন উপদেষ্টা কমিটি। এই কমিটিতে যেমন রয়েছেন সরকারের শীর্ষ আমলারা, তেমনই জায়গা করে নিয়েছেন টলিপাড়ার প্রথম সারির অভিনেতা, পরিচালক ও বিরোধী শিবিরের একাধিক চেনা মুখ।
স্টুডিওপাড়ার প্রশাসনিক রাশ শক্ত হাতে ধরতে কমিটিতে রাখা হয়েছে সরকারি স্তরের দুই শীর্ষ আধিকারিককে। তথ্য ও সংস্কৃতি দফতরের নির্দেশিকা অনুযায়ী এই কমিটিতে রয়েছেন:শান্তনু বসু (মুখ্যমন্ত্রীর দফতরের অতিরিক্ত সচিব) সৌমিত্র মোহন (রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরের সচিব)। টলিপাড়ার বিবাদ মেটাতে এবং কাজের সুষ্ঠু পরিবেশ তৈরি করতে সব শিবিরের তারকাদেরই এই কমিটিতে আনা হয়েছে। কমিটিতে টলিউডের অগ্রগণ্য অভিনেতা ও তারকাদের মধ্যে রয়েছেন:প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দীপক অধিকারী (দেব), যিশু সেনগুপ্ত, রুদ্রনীল ঘোষ, রূপা গঙ্গোপাধ্যায়, পাপিয়া অধিকারী, হিরণ চট্টোপাধ্যায়।
ছবির শুটিং ও টেকনিশিয়ানদের যাবতীয় সমস্যার বাস্তবসম্মত সমাধান করতে টলিউডের দুই প্রথম সারির পরিচালককে কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাঁরা হলেন:সৃজিত মুখোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়।
টালিগঞ্জে দীর্ঘদিন ধরে চলা অচলাবস্থা কাটিয়ে টেকনিশিয়ান ও শিল্পীদের কর্মক্ষেত্রের অধিকার রক্ষা করা, কর্মহীনতা দূর করা এবং কোনো রকম থ্রেট কালচার ছাড়াই যাতে সুস্থ ও স্বাধীনভাবে কাজ করা যায়, তা নিশ্চিত করাই এই ১৯ সদস্যের মূল লক্ষ্য। ওয়াকিবহাল মহলের মতে, এই পদক্ষেপের পর টলিপাড়ার চেনা সমীকরণ অনেকটাই বদলে যেতে চলেছে।
