Site icon প্রিয় বন্ধু মিডিয়া

‘মহরমের মিছিলে অস্ত্র দেখা যায়নি’, শান্তিশৃঙ্খলা বজায় রাখায় পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রী!

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-বাগনানের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই রাজ্যের সামগ্রিক আইন-শৃঙ্খলা ও উৎসবের পরিবেশ নিয়ে বড় সার্টিফিকেট দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন বিকেলে বাগনানে নিহত বিজেপি কর্মীর বাড়ি থেকে বেরোনোর সময় মহরম উৎসবের প্রসঙ্গ টেনে তিনি স্পষ্ট জানান, এবারের মহরমের মিছিলে কোনো ধরনের অস্ত্র প্রদর্শন বা আইন অমান্যের ঘটনা নজরে আসেনি। রাজ্যে শান্তিশৃঙ্খলা বজায় রাখার এই সাফল্যের জন্য পুলিশ প্রশাসনকে প্রকাশ্যে সাধুবাদ জানান মুখ্যমন্ত্রী।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “আমরা লক্ষ্য করেছি যে মহরমের মিছিলে এবার কোনো অস্ত্র দেখা যায়নি। শান্তি ও সম্প্রীতির পরিবেশ বজায় রেখে উৎসব পালিত হয়েছে। এর জন্য আমি রাজ্যের পুলিশ প্রশাসন এবং সাধারণ মানুষকে ধন্যবাদ জানাচ্ছি।” তিনি স্পষ্ট করে দেন যে, উৎসবের নামে আইন নিজের হাতে তুলে নেওয়া বা তলোয়ার-অস্ত্র নিয়ে দাপাদাপি করার পুরনো সংস্কৃতি বর্তমান সরকার কঠোরভাবে বন্ধ করতে পেরেছে। তবে এর পাশাপাশি যারা এখনও আইন ভাঙার বা অশান্তি পাকানোর চেষ্টা করছে, তাদের উদ্দেশ্যে কড়া হুঁশিয়ারি দিতেও ভোলেননি মুখ্যমন্ত্রী।

শুভেন্দু অধিকারী কড়া সুরে বলেন, “সবকিছু ঠিকঠাক চললেও কিছু অসাধু উপাদান এখনও আইন অমান্য করার চেষ্টা করছে। তাদের উদ্দেশ্যে আমার স্পষ্ট বার্তা—এদেরকে সঠিক লাইনে আনার দায়িত্ব আমাদের এবং প্রশাসন তা ভালোভাবেই জানে।”

রাজনৈতিক মহলের মতে, উৎসবের মরসুমে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটতে না দেওয়া সরকারের জন্য একটি বড় পরীক্ষা ছিল। বাগনান সফর থেকে মুখ্যমন্ত্রী যেভাবে একদিকে পুলিশের প্রশংসা করলেন এবং অন্যদিকে আইনভঙ্গকারীদের সতর্ক করলেন, তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

Exit mobile version