Site icon প্রিয় বন্ধু মিডিয়া

নবান্নে মুখ্যমন্ত্রীর মেগা বৈঠক: টলিউড কি এবার সিন্ডিকেট ও ভয়ের রাজত্ব মুক্ত? ৪ তারকা বিধায়ককে গুরুদায়িত্ব দিলেন শুভেন্দু!

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-অবশেষে অবসান ঘটতে চলেছে টলিউডের দীর্ঘদিনের অন্ধকার অধ্যায়ের? স্টুডিও পাড়াকে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত এবং ভয়মুক্ত করতে এবার সরাসরি ময়দানে নামলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ নবান্নে টলিউডের সমস্যা সমাধান নিয়ে আয়োজিত একটি বিশেষ ও হাই-প্রোফাইল বৈঠকে মুখ্যমন্ত্রী এই বিষয়ে অত্যন্ত কড়া বার্তা দিয়েছেন। স্পষ্ট জানিয়ে দিয়েছেন, টালিগঞ্জের বিনোদন দুনিয়ায় কোনো রকম রাজনৈতিক দাদাগিরি, সিন্ডিকেট রাজ বা অরাজকতা বরদাস্ত করা হবে না।

দীর্ঘদিন ধরেই টলিউডের একাংশের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার এবং সাধারণ শিল্পী ও কলাকুশলীদের কোণঠাসা করার অভিযোগ উঠছিল। সেই সমস্ত জট কাটানো এবং সিনেমার স্বার্থরক্ষাকেই এবার পাখির চোখ করেছে নবান্ন। এই বৈঠক থেকে মুখ্যমন্ত্রী সরাসরি দল তথা বিজেপির চারজন তারকা বিধায়কের কাঁধে টালিগঞ্জের সামগ্রিক পরিবেশ দেখভালের গুরুদায়িত্ব অর্পণ করেছেন। এই চারজন হলেন— রূপা গঙ্গোপাধ্যায়, পাপিয়া অধিকারী, হিরণ চট্টোপাধ্যায় এবং রুদ্রনীল ঘোষ। টলিউডের অন্দরের অলিগলি এবং সমস্যাগুলো যাদের নখদর্পণে।মুখ্যমন্ত্রীর এই নির্দেশের মূল লক্ষ্য হলো শিল্পীদের স্বাধীনতা ফিরিয়ে দেওয়া।

বৈঠকে নির্দেশ দেওয়া হয়েছে, কোনো রকম রাজনৈতিক চাপ, হুমকি বা ভয় ছাড়া যাতে প্রতিটি শিল্পী ও কলাকুশলী স্বাধীনভাবে কাজ করতে পারেন, তা নিশ্চিত করতে হবে। স্টুডিও পাড়ার আর্থিক বা পরিকাঠামোগত সমস্ত রকমের দুর্নীতি ও অশুভ শক্তির প্রভাব কঠোর হস্তে দমন করা হবে।কোনো ব্যক্তিগত বা রাজনৈতিক স্বার্থের কারণে যেন বাংলা ছবির ভবিষ্যৎ এবং ব্যবসার ক্ষতি না হয়, সেদিকে কড়া নজর রাখবে এই চার সদস্যের টিম।

রাজনৈতিক মহলের মতে, এই সিদ্ধান্তের মাধ্যমে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বার্তা দিলেন যে, বাংলায় পরিবর্তনের পর বিনোদন জগতের রাশ আর কোনো অশুভ চক্রের হাতে থাকবে না। রূপা-রুদ্রনীলদের মত অভিজ্ঞ ব্যক্তিত্বরা সামনে আসায় সাধারণ টেকনিশিয়ান থেকে শুরু করে প্রথম সারির পরিচালকরাও এবার স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। এখন দেখার, মুখ্যমন্ত্রীর এই কড়া দাওয়াই টলিউডকে কতটা সোনালী দিন ফিরিয়ে দিতে পারে।

Exit mobile version