প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-আজ ২৪ জুলাই, আপামর বাঙালির আবেগ, রুপোলি পর্দার চিরকালীন রাজপুত্র মহানায়ক উত্তম কুমারের ৪৭তম প্রয়াণ দিবস। বিশেষ এই দিনে কিংবদন্তি অভিনেতাকে শ্রদ্ধা জানাতে আজ সকালে কলকাতার ভবানীপুরে মহানায়কের পৈতৃক বাসভবনে হাজির হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রতি বছরই এই বিশেষ দিনে উত্তম কুমারের ভবানীপুরের বাড়ির দরজা সাধারণ অনুরাগী থেকে শুরু করে আত্মীয়-পরিজনের জন্য খোলা থাকে। আজ সেখানে পৌঁছে মহানায়কের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী।
কেবল ভবানীপুরের বাড়িতে শ্রদ্ধাজ্ঞাপনই নয়, আজ মহানায়কের স্মৃতিতে একগুচ্ছ বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ কেওড়াতলা মহাশ্মশানে মহানায়কের একটি বিশেষ আবক্ষ মূর্তি উন্মোচন করেন তিনি। সেই মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, কলকাতায় এবার তৈরি হতে চলেছে ‘উত্তম কুমার ফিল্ম সেন্টার’। নতুন সরকারের এই উদ্যোগে টলিউড এবং সংস্কৃতি মহলে খুশির হাওয়া।
মুখ্যমন্ত্রী আরও জানান, চলতি বছরের ৩ সেপ্টেম্বর থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্য সরকারের উদ্যোগে মহানায়কের জন্ম দিবসের শতবর্ষ উদযাপন অনুষ্ঠান অত্যন্ত সাড়ম্বরে পালন করা হবে। আজকের এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন প্রবীণ রাজনীতিক স্বপন দাশগুপ্ত, তাপস রায়, রূপা গঙ্গোপাধ্যায় এবং বিধায়ক-অভিনেতা রুদ্রনীল ঘোষ। রুপোলি পর্দার তারকাদের মধ্যে উপস্থিত ছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তও।
