প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-রাজ্যের বুকে বছরের পর বছর ধরে চলা তোলাবাজি এবং ভেঙে পড়া আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এবার চূড়ান্ত হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মেছাদার দলীয় সভা থেকে সরাসরি সিন্ডিকেট রাজ এবং তোলাবাজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তিনি সাফ জানিয়ে দিলেন, আমজনতা এবং ব্যবসায়ীদের ওপর জুলুমবাজি এবার চিরতরে বন্ধ হতে চলেছে। মুখ্যমন্ত্রীর এই কড়া বার্তার পর রাজ্যজুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
মুখ্যমন্ত্রী তীব্র ক্ষোভ প্রকাশ করে জানান, আইন-শৃঙ্খলার অবনতি ঘটিয়ে যারা সাধারণ মানুষের পকেট কাটছে, তাদের রেয়াত করা হবে না। নিচুতলার কিছু অসাধু চক্র যেভাবে তোলাবাজির রাজত্ব চালাচ্ছিল, তা অবিলম্বে বন্ধ করার জন্য পুলিশ ও প্রশাসনকে কড়া নির্দেশ দিয়েছেন তিনি। অপরাধীদের রাজনৈতিক রঙ না দেখে সরাসরি ব্যবস্থা নেওয়ার স্পষ্ট বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী।
রাজনৈতিক মহলের মতে, ২০২৬ সালের এই দলীয় মঞ্চ থেকে শুভেন্দু অধিকারী আসলে রাজ্যের আইন-শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং তোলাবাজি মুক্ত সমাজ গড়ার ক্ষেত্রে তার সরকারের জিরো টলারেন্স নীতি স্পষ্ট করে দিলেন। এই কড়া পদক্ষেপের পর রাজ্যের সিন্ডিকেট ও তোলাবাজ চক্রের অন্দরে যে বড়সড় কাঁপুনি ধরতে চলেছে, তা বলাই বাহুল্য।
