Site icon প্রিয় বন্ধু মিডিয়া

“ধরে রাখুন ওটাই হুমায়ুনের শেষ বক্তব্য, মনে রাখবেন মুখ্যমন্ত্রী এখন মমতা নন!” বিধানসভায় গর্জে উঠলেন শুভেন্দু!

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের শেষ দিনে আজ এক নজিরবিহীন রাজনৈতিক ঝড় দেখল রাজ্যবাসী। বিধায়ক হুমায়ুন কবীরের সাম্প্রতিক এক উস্কানিমূলক মন্তব্যকে কেন্দ্র করে আজ ভরা অধিবেশনে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন অধিবেশন শুরু হতেই কালিয়াগঞ্জের বিধায়ক উৎপল ব্রহ্মচারী এই বিষয়ে একটি ‘পয়েন্ট অব অর্ডার’ তোলেন। তারপরেই নিজের বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী সমাজে বিভেদ সৃষ্টিকারী রাজনীতির বিরুদ্ধে কড়া বার্তা দেন।

এদিন রেজিনগর ও শক্তিপুরের সভায় দেওয়া হুমায়ুন কবীরের বিতর্কিত ভাষণের অংশ বিধানসভায় পড়ে শোনান স্বয়ং মুখ্যমন্ত্রী। এর পরেই চরম আক্রমণাত্মক সুরে তিনি বলেন, “এনাফ ইজ এনাফ (যথেষ্ট হয়েছে)! সময় এসেছে এই ধরনের মানুষকে সবক শেখানোর।” সুর আরও চড়িয়ে হুমায়ুন কবীরকে লক্ষ্য করে মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, “আপনাকে পরিষ্কার বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় এখন রাজ্যের মুখ্যমন্ত্রী নন। অতীতে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে আপনি যা খুশি বলেছেন, যা খুশি করেছেন। কিন্তু এখন আর বাংলায় কোনো লাগামছাড়া বা বেপরোয়া কথা বরদাস্ত করা হবে না। ধরে রাখুন এটাই ওনার এই ধরণের শেষ বক্তব্য।”

মুখ্যমন্ত্রী আরও দাবি করেন, রেজিনগর আসনটি ছেড়ে দেওয়ার পর সেখানে উপনির্বাচনে নিজের ছেলেকে জেতাতেই মুসলিম ভোটব্যাঙ্ক একত্রিত করতে এমন উস্কানিমূলক মেরুকরণের চেষ্টা করছেন হুমায়ুন। তবে আইন যে নিজের পথেই চলবে, তা সাফ করে দিয়ে মুখ্যমন্ত্রী হাউসকে জানান, ইতিমধ্যেই উক্ত বিধায়কের বিরুদ্ধে রেজিনগর ও শক্তিপুর থানায় ভারতীয় ন্যায় সংহিতার (BNS) একাধিক কড়া ধারায় মামলা ও জোড়া এফআইআর (FIR) রুজু করা হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে তিনি নিজে মুর্শিদাবাদ যাচ্ছেন এবং উস্কানিমূলক আচরণের বিরুদ্ধে পুলিশ প্রশাসন কড়া আইনি পদক্ষেপ নেবে।

Exit mobile version