প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-বিগত দিনে রাজনৈতিক প্রতিহিংসার কারণে বিজেপি নেতা-কর্মীদের ওপর হওয়া অত্যাচারের বিরুদ্ধে এবার প্রকাশ্য মঞ্চ থেকে তীব্র হুঙ্কার ছাড়লেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রবিবার নন্দীগ্রামের ধন্যবাদজ্ঞাপন ও নাগরিক সংবর্ধনা সভা থেকে দলীয় কর্মীদের আশ্বস্ত করে তিনি স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দেন, “একটাকেও ছাড়ব না, সব হিসেব হবে”। তবে একই সঙ্গে কর্মীদের ক্ষমতার অপব্যবহার না করে সম্পূর্ণ আইনি পথে লড়াই করার কড়া বার্তাও দিয়েছেন তিনি।
এদিন নন্দীগ্রামের মাটি থেকে পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের চাঞ্চল্যকর অভিযোগ তোলেন শুভেন্দু অধিকারী। তিনি দাবি করেন, বিগত জমানায় শুধুমাত্র রাজনৈতিক বিরোধিতার কারণে প্রায় ৪,০০০ বিজেপি কর্মীকে সম্পূর্ণ মিথ্যা ও সাজানো মামলায় ফাঁসানো হয়েছিল। বহু নিরীহ কর্মীকে দিনের পর দিন বিনা দোষে জেল খাটতে হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। শুভেন্দুর কথায়, “যারা ক্ষমতার লোভে আমাদের কর্মীদের ওপর অত্যাচার করেছে, তাদের সেই অন্যায়ের দিন এবার শেষ।” বিজেপি ঘনিষ্ঠ এই সভা থেকে দলীয় কর্মীদের উদ্দেশ্যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বার্তা দেন মুখ্যমন্ত্রী।
তিনি স্পষ্ট জানিয়ে দেন, বিজেপি আইনের শাসনে বিশ্বাসী। তাই কর্মীদের আশ্বস্ত করলেও তিনি কড়া নির্দেশ দিয়ে বলেন, “কেউ নিজের হাতে আইন তুলে নেবেন না।” যা করার, তা সম্পূর্ণ আইনি পরিধির মধ্যে থেকে, আদালতের মাধ্যমে এবং প্রাতিষ্ঠানিক পথেই করা হবে বলে তিনি কর্মীদের আশ্বস্ত করেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শুভেন্দু অধিকারীর এই বক্তব্য একাধারে যেমন বিগত দিনে অত্যাচারিত দলীয় কর্মীদের মনোবল চাঙ্গা করবে, ঠিক তেমনই আইনি সুরক্ষাকবচ বজায় রেখে পূর্বতন জমানার পুলিশ ও রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থারই আগাম ইঙ্গিত দিচ্ছে।
