Site icon প্রিয় বন্ধু মিডিয়া

শ্রাবণী মেলার আগে বড় উপহার! তারকেশ্বর থেকে ৫টি নতুন রুটে চালু হলো ‘মহাদেব এক্সপ্রেস’ সরকারি বাস পরিষেবা!

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-আসন্ন শ্রাবণী মেলার ঠিক আগে হুগলির তারকেশ্বরবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হলো। সোমবার (১৩ জুলাই, ২০২৬) থেকে তারকেশ্বর ধাম থেকে সরাসরি শুরু হলো ‘মহাদেব এক্সপ্রেস’ সরকারি বাস পরিষেবা। এতদিন তারকেশ্বর থেকে সরাসরি দূরপাল্লার কোনো সরকারি বাস না থাকায় পুণ্যার্থী, পর্যটক ও নিত্যযাত্রীদের মূলত বেসরকারি বাস বা ট্রেকারের ওপর নির্ভর করতে হতো। এবার সেই ভোগান্তি দূর করতে রাজ্য পরিবহণ দপ্তর ও দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের (SBSTC) যৌথ উদ্যোগে চালু হলো এই নতুন পরিষেবা।তারকেশ্বরের স্থানীয় বিজেপি বিধায়ক সন্তু পানের উপস্থিতিতে এবং বিশেষ প্রচেষ্টায় এই ৫টি স্থায়ী রুটের বাসের আনুষ্ঠানিক সূচনা করা হয়। পরিবহণ ক্ষেত্রকে আরও উন্নত করতে এবং ‘টেম্পল ট্যুরিজম’ বা মন্দিরভিত্তিক পর্যটনে জোর দিতেই এই বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে।

প্রতিদিন তারকেশ্বর বাস স্ট্যান্ড থেকে নির্দিষ্ট সময়ে এই সরকারি বাসগুলি চলাচল করবে। তারকেশ্বর ↔ কলকাতার ধর্মতলা (হাওড়া হয়ে) তারকেশ্বর ↔ দিঘা তারকেশ্বর ↔ বিষ্ণুপুর হয়ে বাঁকুড়া
তারকেশ্বর ↔ খড়্গপুর তারকেশ্বর ↔ বর্ধমান

সবচেয়ে বড় বিষয় হলো, সরকারি নিয়ম অনুযায়ী সমস্ত সরকারি বাসে নারীদের জন্য যে বিনামূল্যে ভ্রমণের (Free Bus Travel) সুবিধা রয়েছে, এই ‘মহাদেব এক্সপ্রেস’-এর ক্ষেত্রেও মহিলারা সেই সুবিধা পাবেন। বৈধ পরিচয়পত্র দেখিয়ে বাসের কন্ডাক্টরের কাছ থেকে ‘জিরো-ভ্যালু টিকিট’ বা শূন্য টাকার টিকিট সংগ্রহ করে মহিলারা সম্পূর্ণ বিনামূল্যে এই বাসগুলিতে যাতায়াত করতে পারবেন।

আগামী ১৮ই জুলাই থেকে তারকেশ্বরে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী শ্রাবণী মেলা। মেলা উপলক্ষে বাবা তারকনাথের মাথায় জল ঢালতে আসা লাখো ভক্তের সুবিধার্থে এই ৫টি স্থায়ী রুট ছাড়াও মেলা প্রাঙ্গণ থেকে আরও একাধিক রুটে অতিরিক্ত বিশেষ বাস চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সব মিলিয়ে মেলা শুরুর আগেই এই উন্নত পরিবহণ ব্যবস্থা চালু হওয়ায় খুশির হাওয়া তারকেশ্বর ও আশেপাশের বিস্তীর্ণ এলাকায়।

Exit mobile version