প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-কলকাতার তারাতলায় নির্মীয়মাণ গোডাউন ভেঙে পড়ার ভয়াবহ দুর্ঘটনার পর এবার বড় পদক্ষেপ রাজ্য ও কেন্দ্রের। এই মর্মান্তিক ঘটনায় হতাহতদের পাশে দাঁড়াতে কত টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করা হলো? বৃহস্পতিবার বিধানসভার অধিবেশনে শোকপ্রকাশের পাশাপাশি নিহত ও আহতদের পরিবারের জন্য বিশেষ আর্থিক সাহায্যের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী সাফ জানান, অর্থ দিয়ে কোনো মানুষের জীবনের ক্ষতি পূরণ করা কখনো সম্ভব নয়। তবে এই কঠিন সময়ে বিপর্যস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো সরকারের কর্তব্য। সেই লক্ষ্যেই বড় আর্থিক সাহায্য ঘোষণা করেছে রাজ্য। দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবার পিছু ১০ লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে। দুর্ঘটনায় যারা গুরুতর জখম হয়েছেন, তাঁদের পরিবার পিছু ১ লক্ষ টাকা করে সাহায্য করা হবে।
রাজ্য সরকারের পাশাপাশি এই ঘটনার পর বড় ঘোষণা এসেছে কেন্দ্রের তরফেও। প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল (PMNRF) থেকে এই আর্থিক সাহায্য পৌঁছে দেওয়া হবে সরাসরি ক্ষতিগ্রস্তদের কাছে। প্রধানমন্ত্রীর তহবিল থেকে পরিবার পিছু দেওয়া হবে ২ লক্ষ টাকা। চিকিৎসাধীন আহতদের প্রত্যেককে দেওয়া হবে ৫০ হাজার টাকা করে।
মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন, রাজ্য এবং কেন্দ্র—উভয় তরফের এই ঘোষিত আর্থিক সাহায্য যাতে কোনো রকম লাল ফিতের ফাঁসে আটকে না থেকে অত্যন্ত দ্রুত এবং সরাসরি ভুক্তভোগী পরিবারগুলোর হাতে পৌঁছায়, প্রশাসন তা কড়া নজরদারিতে নিশ্চিত করবে।
