প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-তারাতলায় নির্মীয়মাণ তিন তলা গোডাউনের ছাদ ধসে ভয়াবহ দুর্ঘটনার পর উদ্ধারকাজে গতি আনতে নবান্ন থেকে সরাসরি ময়দানে নামলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার দুপুরে দক্ষিণ কলকাতার ব্রেসব্রিজ সংলগ্ন ট্রান্সপোর্ট ডিপো রোডের এই বিরাট বিপর্যয়ের খবর পাওয়া মাত্রই নবান্ন রাজ্য সচিবালয়ে জরুরি বৈঠক ডাকেন মুখ্যমন্ত্রী। সাধারণ মানুষের উৎকণ্ঠা দূর করতে এবং ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া শ্রমিকদের পরিবারের সহায়তার জন্য তাঁর নির্দেশে অবিলম্বে চালু করা হয়েছে একটি বিশেষ রাজ্য কন্ট্রোল রুম।
নবান্ন সূত্রে খবর, দুর্ঘটনার ভয়াবহতা জানতে পেরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অত্যন্ত উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি রাজ্য পুলিশের ডিজি, কলকাতার পুলিশ কমিশনার এবং বিপর্যয় মোকাবিলা দপ্তরের শীর্ষ কর্মকর্তাদের কাছ থেকে প্রতি মুহূর্তের আপডেট নিচ্ছেন। উদ্ধার অভিযানে যাতে এক মুহূর্তও সময় নষ্ট না হয় এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা যায়, সেই বিষয়ে কড়া নির্দেশ দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর তৎপরতাতেই রাজ্য পুলিশ ও দমকলের পাশাপাশি দ্রুত ঘটনাস্থলে নামানো হয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF) এবং ভারতীয় সেনাবাহিনীর কুইক রেসপন্স টিমকে।
আটকে পড়া শ্রমিকদের খোঁজখবর নেওয়া এবং তাঁদের পরিজনদের দ্রুত তথ্য সরবরাহ করতে নবান্ন থেকে নিচের নম্বরগুলি সার্বক্ষণিক সচল করা হয়েছে। টোল ফ্রি নম্বর: 1070 মোবাইল নম্বর: 8697981070 ল্যান্ডলাইন নম্বর: 033-22143526
বিকল্প ল্যান্ডলাইন: 033-22535185।
মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশনায় দুর্ঘটনাস্থল থেকে কলকাতার এসএসকেএম (SSKM) হাসপাতাল পর্যন্ত বিশেষ ‘গ্রিন করিডোর’ তৈরি করা হয়েছে। ধ্বংসস্তূপ থেকে বের করা শ্রমিকদের যাতে ট্রাফিক জ্যামে না আটকে দ্রুত হাসপাতালে পৌঁছানো যায়, তার জন্যই এই তাৎক্ষণিক ব্যবস্থা। ইতিমধ্যেই এসএসকেএম-এর ট্রমা কেয়ার ইউনিট ও ইমার্জেন্সিকে যুদ্ধকালীন তৎপরতায় প্রস্তুত রাখা হয়েছে এবং একটি স্পেশাল ডক্টরস টিম গঠন করা হয়েছে।
মুখ্যমন্ত্রীর নির্দেশে ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখছেন রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল খাঁ এবং পুরো কর্পোরেশন টিম। উদ্ধারকাজে গতি আনতে ড্রোনের মাধ্যমেও উপরিভাগের পরিস্থিতি ম্যাপিং করা হচ্ছে। নবান্ন সূত্রের ইঙ্গিত, পরিস্থিতি খতিয়ে দেখে উদ্ধারকাজ আরও ত্বরান্বিত করতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই যেকোনও মুহূর্তে সরাসরি তারাতলার দুর্ঘটনাস্থলে পৌঁছাতে পারেন।
